Published : 14 Jan 2026, 10:31 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী ও দলটির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা হয়েছে।
এ সময় ধস্তাধস্তিতে এনসিপির অন্তত দুইজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রার্থী আল আমিন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।
আহতরা হলেন- ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব মারুফ সরকার (২১) এবং ফতুল্লা থানা কমিটির সংগঠক আবু তাহের। তারা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।
আল-আমিন মোবাইল ফোনে বলেন, তিনি গণভোট নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় ৪০ থেকে ৫০ জন কর্মী নিয়ে হেঁটে হেঁটে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করছিলেন তিনি। এক পর্যায়ে এক তরুণ তাদের অনুসরণ করছিলেন। সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করে পোশাকের ভেতর একটি চাপাতি পাওয়া যায়।

“ওই ছেলের কাছে চাপাতি নিয়ে অনুসরণের কারণ জানতে চাইলে বলেন, ‘এক লোক নাকি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে’। এলাকাটি মাদক ও কিশোর গ্যাং সদস্যদের জন্য অভয়ারণ্য। মুহূর্তের মধ্যে ওই ছেলের সঙ্গে বেশকিছু লোকজন জড়ো হয়। তখন স্থানীয়রা আমাকে সেফলি গাড়িতে তুলে দিয়ে চলে যেতে বলেন”, যোগ করেন এনসিপি প্রার্থী।
এই সুযোগে অস্ত্রধারী ওই তরুণ পালিয়ে যেতে সক্ষম হয় জানিয়ে আল আমিন বলেন, “বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।”
ওই তরুণকে দৌড়ে ধরতে গিয়ে ধস্তাধস্তিতে এনসিপি দুই কর্মী আহত হয়েছেন বলে জানান তরুণ এই রাজনীতিক।
ওসি আব্দুল মান্নান বলেন, “আমরা ঘটনার খবর শুনেই সেখানে পুলিশের একটি দল পাঠাই। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”