১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

মেহেরপুর আবারও বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে নিরাপত্তার জন্য পানিভর্তি বালতিতে রাখে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 10:46 AM

Updated : 19 Sep 2026, 02:33 PM

মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও চিরকুট এবং হাতবোমা সদৃশ বস্তু রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। 

এবার কসবা গ্রামের এক স্কুল শিক্ষকের বাড়ির গেটে হাতবোমা সদৃশ বস্তুটি ও চিরকুট রেখে গেছে কে বা কারা। 

বুধবার সকালে সেগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় বলে জানিয়েছেন গাংনী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। 

পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে নিরাপত্তার জন্য পানিভর্তি বালতিতে রাখে পুলিশ।

তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, কসবা গ্রামের মোল্লাপাড়া এলাকার কৃষক রজব আলীর ছেলে স্কুল শিক্ষক আক্কাস আলীর বাড়ির সিঁড়ি ঘরের নিচে লাল স্কচটেপ মোড়ানো হাতবোমা ও চিরকুটটি রেখে গেছে দুর্বৃত্তরা।সেটি উদ্ধার করা হয়েছে।

ফেলে রেখে যাওয়া চিরকুটে লেখা আছে- "দেয়াল দিচ্ছি রাসতা পাস দিএ, পানি নামতে না দিলে বোম মেড়ে মেরে ফেলব, দোল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শন"।

গত কয়েক মাসের মধ্যে গাংনী উপজেলার পৃথক ঘটনায় আটটি স্থান থেকে প্রায় ২০টি বোমা ও হুমকী সংবলিত চিরকুট উদ্ধার করা হয়। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

পুলিশ কর্মকর্তা মামুন  বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চক্র এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একের পর এক এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 

পুরানো খবর

মেহেরপুরে ফের বোমা সদৃশ বস্তু উদ্ধার, সঙ্গে ছিল ‘সাবধান বাণী’

মেহেরপুরে হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে ২ পরিত্যক্ত হাতবোমা উদ্ধার