মেহেরপুরে হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হলেও তার বিস্তারিত জানায়নি পুলিশ।
মেহেরপুরের গাংনীতে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে চরগোয়ালগ্রামে মাথাভাঙ্গা নদীর তিন রাস্তার মোড় এলাকায় বৈদ্যুতিক খুঁটির পাশে স্থানীয়রা সন্দেহজনক বস্তুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় বলে জানিয়েছেন গাংনী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হলেও তার বিস্তারিত জানায়নি পুলিশ।
আব্দুল্লাহ আল মামুন বলেন, “উদ্ধার করা বস্তুটি প্রাথমিকভাবে হাতবোমা সদৃশ মনে হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেটি পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”
তিনি আরও বলেন, এর আগেও একই গ্রাম থেকে একাধিকবার বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চক্র এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে।
জড়িতদের শনাক্ত করতে পুলিশ এরমধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
