মেহেরপুরে ২ পরিত্যক্ত হাতবোমা উদ্ধার
“নিরাপত্তার স্বার্থে সেগুলো পানি ভর্তি একটি বালতিতে রাখা হয়েছে।”
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ভুট্টাক্ষেতের আইল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাহারবাটি গ্রামের সাহারবাটি-হিজলবাড়িয়া সড়কের পাশে দানেসুর রহমানের ভুট্টাক্ষেতের আইল থেকে হাতবোমা দুটি উদ্ধার করা হয় বলে গাংনী থানার এসআই অঙ্কুশ জানিয়েছেন।
তিনি বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে লাল টেপে মোড়ানো হাতবোমা দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিরাপত্তার স্বার্থে সেগুলো পানি ভর্তি একটি বালতিতে রাখা হয়েছে।”
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, “উদ্ধার হওয়া বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।”
