Published : 06 May 2026, 03:33 PM
মেহেরপুরের গাংনী থেকে ফের বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। কালো টেপে মোড়ানো বস্তুটিতে সাবধান বাণীও লেখা ছিল বলে জানা গেছে।
বুধবার সকাল ৮টায় উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া সীমান্তের হাজীপাড়ার একটি বাড়ির গেটের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয় বলে জানান গাংনী থানার তদন্ত কর্মকর্তা আল মামুন।
বাড়ির বাসিন্দা সানোয়ার হোসেন পলাশ বলেন, “বোমা সাদৃশ্য বস্তুতে লেখা ছিল ‘হাত দিলেই বাস্ট হবে। সাবধান। সবাই সাবধান।’”
পলাশের চাচাতো ভাই শামীম হোসেন বলেন, সকালে হাঁটতে বের হয়ে বাড়ির মূল ফটকের সামনে কালো টেপে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে তিনি পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ আসে।
তবে কে বা কারা বোমা সদৃশ বস্তুটি রেখেছে তা তারা জানাতে পারেননি।
তদন্ত কর্মকর্তা আল মামুন বলেন, উদ্ধার করা বস্তুটি নিরাপত্তার জন্য পানিভর্তি বালতিতে রাখা হয়েছে।
এর আগে রোববার সকালে একই উপজেলার চরগোয়ালগ্রামে মাথাভাঙ্গা নদীর তিন রাস্তার মোড় এলাকায় পলিথিনে মোড়ানো বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছিল পুলিশ।
তিনি আরও বলেন, এর আগেও একাধিকবার বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চক্র এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আগের সংবাদ