১৭ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় থাকা ৩ যুবক ‘উধাও’
সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান অধিনায়ক।
কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে দেওয়ার পর শূন্যরেখায় ১৭ দিন ধরে থাকা তিন যুবককে আর দেখা যাচ্ছে না।
বুধবার সকালে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা ভোর থেকে তাদেরকে আর দেখতে পাচ্ছি না। তারা কোথায় কীভাবে গেছেন তা আমাদের জানা নেই।”
সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান অধিনায়ক।
১৪ জুন রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ছয়জন এবং ভুন্দুরচর সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তখন বিজিবি প্রতিরোধ করে। এতে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়।
দীর্ঘদিন সীমান্তের শূন্যরেখায় অবস্থানকৃত গয়টাপাড়ার ছয়জন এক ফাঁকে সটকে পরে। এখন ভুন্দুরচর সীমান্তের তিন যুবকেরও দেখা মিলছে না।
রৌমারী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল আমিন বলেন, “বুধবার সকালে ভুন্দুরচর সীমান্তে তিনজনকে দেখতে গিয়েছিলাম। কিন্তু পাইনি। ওই সীমান্ত এখন ফাঁকা রয়েছে। বিএসএফ পক্ষকে সেখানে আর টহল দেখা যায়নি।”
