Published : 01 Jul 2026, 10:00 AM
শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে ৩ বছর বয়সি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের।
নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। পরিবারের সঙ্গে সে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
শিশুটির নানা নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা মোস্তফা আহমেদ। তিনি তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে নানার সঙ্গে বিদ্যালয়ে যায় মানহা মনি। দুপুরে সেখানে তাকে বাদাম খেতে দেওয়া হয়। একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালিতে আটকে যায়। এতে শ্বাস নিতে না পেরে ছটফট করতে শুরু করে মানহা।
দ্রুত তাকে নিয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হন তার নানা। কিন্তু পথিমধ্যেই শিশুটির মৃত্যু হয়।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, শ্বাসনালিতে বাদাম আটকে যাওয়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।