২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বর্জন করলে বিএনপি গুরুত্বহীন হবে: হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী বলেন, সংসদ থেকে বিএনপি পদত্যাগ করায় সরকারের কাতুকুতু লেগেছে, এর বেশি কিছু না।

নির্বাচন বর্জন করলে বিএনপি গুরুত্বহীন হবে: হাছান মাহমুদ

ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 09:03 PM

Updated : 09 Apr 2023, 09:03 PM

নির্বাচন বর্জন করলে বিএনপি গুরুত্বহীন দলে পরিণত হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

রোববার সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ে হক সেন্টারে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “বিএনপি যদি ক্রমাগত নির্বাচন বর্জন করতে থাকে, এবং আগামী নির্বাচন যদি বিএনপি বর্জন করে, নির্বাচনের পরে বিএনপি একটি গুরুত্বহীন দলে রূপান্তরিত হবে। এটিই বাস্তবতা। আমরা চাই, আগামী নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। দেশের গণতন্ত্র সংহত হোক।

“বিএনপির জন্য অত্যন্ত দুঃখজনক যে, দেশে যখন জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি হচ্ছে, তখন তারা সংসদে নেই। আসলে তারা পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। সে কারণে তারা সংসদে থাকলেও কিছুদিন আগে পদত্যাগ করেছে।”

আওয়ামী লীগের এই যুগ্মসাধারণ সম্পাদক বলেন, “বিএনপি ভেবেছিল, তারা সংসদ থেকে পদত্যাগ করলে সরকারের মধ্যে ঝাঁকুনি লাগবে, সরকার কাঁপবে, পড়ে যাবে। কিন্তু সরকারের কিছুই হয়নি, একটু কাতুকুতু লেগেছে, এর বেশি কিছু না।”

ক্যামেরা সাংবাদিকসহ সব সাংবাদিকের কাজকে রাষ্ট্র ও সমাজের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বর্ণনা করে তথ্যমন্ত্রী  বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর সঙ্গে সংশ্লিষ্ট সবার আন্তরিক কাজের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে।”

টিসিএ সভাপতি শেখ মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল হক জীবনের সঞ্চালনায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেব আলম মুরাদ, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ বক্তব্য দেন।