জাল ভোটের ‘উৎসব’ হয়েছে: সিপিবি-বাসদ
বিএনপির বয়কটের পর তিন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া বামপন্থি দলগুলোও ভোট প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবি ও সমাজতান্ত্রিক দল-বাসদ মঙ্গলবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে বলেছে, সিটি নির্বাচনে জাল ভোটের উৎসব হয়েছে।
ঢাকা উত্তরে সিপিবি নেতা কাফি রতন এবং ঢাকা দক্ষিণে বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঢাকা উত্তরে মেয়র পদপ্রার্থী গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকিও নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন স্থানে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া প্রকাশ্যে ঘটলেও নির্বাচন কমিশন বলছে, সার্বিকভাবে সুষ্ঠু ভোট হয়েছে।
ব্যাপক কারচুপির অভিযোগ তুলে দুপুরে বিএনপি ভোট বর্জনের ঘোষণা দিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে।
ভোটের পর সংবাদ সম্মেলনে এসে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, “ভোট কেন্দ্র দখল করে আগে থেকেই ব্যালট বাক্স ভরে রেখে সরকার সমর্থিত প্রার্থী ছাড়া অন্য প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে জাল ভোটের উৎসবের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।”
এই আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন জানিয়ে তিনি বলেন, “আমাদের আশঙ্কা নির্মমভাবে সত্য প্রমাণিত হয়েছে।”
৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর সিটি নির্বাচনে চিত্র প্রমাণ করেছে যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, বলেন তিনি।
“নির্বাচনের নামে জনগণের সঙ্গে তামাসার মাধ্যমে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকা হয়েছে।”
সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা আসলাম খান, সাজেদুল হক রুবেল, আসলাম খানও সংবাদ সম্মেলনে ছিলেন।
এদিকে টেলিস্কোপ প্রতীকের প্রার্থী জোনায়েদ সাকি নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন।
চিঠিতে তিনি লিখেছেন, “ইসির কাছ থেকে নির্বাচন উপযোগী পরিবেশ আশা করেছিলাম।
“কিন্তু ভোটদানে বাধা, পোলিং এজেন্টদের বের করে দেওয়া, কেন্দ্র দখলের ঘটনা, নির্বাচন কমিশনের ভূমিকা ও নির্বাচন পরিচালনা প্রক্রিয়ায় বাধ্য হয়ে এর প্রতি অনাস্থা প্রকাশ করছি।”
