২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এটা রাজনীতি নয়: স্পিকার

বিরোধী জোটের অবরোধে নাশকতায় অগ্নিদগ্ধদের দেখে ক্ষোভ জানিয়ে এই ধরনের কার্যকলাপ বন্ধে কঠোর হওয়ার ওপর জোর দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 05:28 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

তিনি বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সাংবাদিকদের বলেন, “কারণ যাই থাকুক, তার জন্য পেট্রোল বোমা মারবে কেন? সমাধানের আর কি পথ নেই?”

দশম সংসদ নির্বাচন বয়কট করে নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে আসা ২০ দল গত ৫ মার্চ থেকে লাগাতার অবরোধ শুরু করেছে।

অবরোধের মধ্যে গাড়িতে পেট্রোল বোমা ছোড়ায় অগ্নিদগ্ধ হয়ে বার্ন ইউনিটে রয়েছেন অনেকে। বার্ন ইউনিটের উপদেষ্টা সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, সহিংসতায় এই পর্যন্ত ৪১ জনকে চিকিৎসা দিয়েছেন তারা। এর মধ্যে মারা গেছেন তিনজন।

বৃহস্পতিবার দুপুরে স্পিকার যখন বার্ন ইউনিটে যান, তখন সহিংসতার শিকার হয়ে দগ্ধ ২২ জন ভর্তি ছিলেন। স্পিকার তাদের খোঁজ-খবর নেন।

শিরীন শারমিন বলেন, “এরা সবাই নিরীহ। জীবিকার তাগিদে তারা বের হয়েছিলেন। নিরীহ মানুষের ওপর এ ধরনের আক্রমণ বন্ধ হোক।”

কিভাবে বন্ধ করা যাবে- জানতে চাইলে তিনি বলেন, সমগ্র দেশের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে, উদ্যোগ নিতে হবে।

৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করেই এই অবরোধ আহ্বানের কথা বলা হলে স্পিকার নাশকতার ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, “এটা রাজনীতি হতে পারে না।”

আন্দোলনরত ২০ দলীয় জোটকে আলোচনার আহ্বান জানাবেন কি না- প্রশ্ন করা হলে শিরীন শারমিন বলেন, “এই মুহূর্তে সহিংসতা, নারকীয় কার্যকলাপ বন্ধে দৃঢ় অবস্থান নিচ্ছি।”

স্পিকারের সঙ্গে সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ ও সংসদ সদস্য আবদুল মতিন খসরু ছিলেন।

পুরনো খবর:

কক্ষ ৫০৩: হরতাল ভিকটিম
রাজনীতিবিদ হিসাবে লজ্জা হচ্ছে: এরশাদ
‘মিনতি করছি, আমাদের ভবিষ্যত নষ্ট করবেন না’