২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিনতি করছি, আমাদের ভবিষ্যত নষ্ট করবেন না’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এসে হরতাল-অবরোধের আগুনে ঝলসানো মানুষের মুখ দেখে হতাশা ও ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান; বললেন- এ দৃশ্য দেখে স্বাভাবিক থাকা যায় না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 01:27 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

যারা অবরোধ ডেকেছেন এবং যারা এই কর্মসূচিতে নাশকতা চালাচ্ছেন- তাদের সবার উদ্দেশ্যে ‘হাত জোড় করে’ মিজানুর বলেন, “সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কেউ কোনোদিন সফল হয়নি। আপনাদের কাছে মিনতি করছি, আপনারা আমাদের ভবিষ্যত নষ্ট করবেন না।”

৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন বিএনপি প্রধান খালেদা জিয়া। এর মধ্যে প্রতিদিনই কোনো না কোনো জেলায় বিএনপি ও শরিকদের হরতাল চলছে, ঘটছে নাশকতা।  

গণমাধ্যমে আসা খবর অনুযায়ী, অবরোধের ১১ দিনে সারা দেশে পেট্রোল বোমা ও আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন অন্তত ১০ জন। চার শতাধিক যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগ করা হয়েছে।  

রাজনীতিতে ভিন্নমত থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে মন্তব্য করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “রাজনীতি সহিংস হতে পারে না, তাকে হতে হবে অহিংস। রাজনীতির নামে সন্ত্রাস, সহিংসতা, মানুষ পোড়ানো কেউ কোনদিন গ্রহণ করে না।”

বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আসেন অধ্যাপক মিজানুর। নাশকতার শিকার হয়ে হাসপাতালে আসা আহত ব্যক্তিদের দেখে তাদের সঙ্গে কথা বলে পরে তিনি আসেন সাংবাদিকদের সামনে।

বিমর্ষ কণ্ঠে তিনি বলেন,“যা দেখলাম, এরপর স্বাভাবিক থাকা মুশকিল।”

এরপর কিছু সময় চুপ করে থেকে তিনি বলেন, “যাদের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষকে পোড়ানো হচ্ছে, আহ্বানকারীদের অনুরোধ করব- আপনারা সেইসব মানুষদের সহিংস কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করুন।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনারও নিন্দা জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

একইসঙ্গে তিনি প্রশ্ন রাখেন, “তাকে (রিয়াজ রহমান) দেখতে হাসপাতালে অনেকে গিয়েছেন। বিভিন্ন বক্তব্য-বিবৃতি দিয়েছেন। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে থাকা রিকশাচালক, ভ্যানচালক, শিক্ষিকা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখতে কয়জন এসেছেন?”

মিজানুর বলেন, ভিন্নমত থাকলে তা প্রকাশের স্বাধীনতা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা কাম্য হতে পারে না।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে সম্প্রতি যেসব চোরাগোপ্তা হামলা হচ্ছে- তা পুরোপুরি নির্মূল করা অনেকাংশে কঠিন।”

আগামীতে কোনো শিক্ষার্থীকে যেন শঙ্কা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে না হয়- সেই পরিবেশ সৃষ্টি করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি।

পাশাপাশি গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, “প্রতিদিন গণমাধ্যমে বিভৎস খবর আসছে। ছবি দেখানো হচ্ছে। এতে আমাদের শিশুদের উপর বিরূপ প্রভাব পড়ছে। বীভৎস ছবি দেখা থেকে আমাদের নিস্তার দিন।”

বার্ন ইউনিটের চিকিৎসক সামন্ত লাল সেন বলেন, গত ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২২ জন দগ্ধ হয়ে তাদের কাছে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ১২ জন এখনও ভর্তি আছেন।