২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিবিদ হিসাবে লজ্জা হচ্ছে: এরশাদ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে নাশকতায় দগ্ধদের দেখার পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বললেন, রাজনীতিবিদ হিসাবে তার ‘লজ্জা’ হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 01:18 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

“মর্মান্তিক দৃশ্য। রাজনীতিবিদ হিসেবে লজ্জা বোধ করছি। এই রাজনীতি চাই না। এটা প্রত্যাশার রাজনীতি না। এই দৃশ্য দেশে কান্না আসে”, বলেন তিনি। 

গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারা দেশে লাগাতার অবরোধ ডাকার পর থেকে প্রতিদিনই গাড়িতে আগুন দেওয়া ও বোমাবাজির ঘটনা ঘটছে, যার শিকার হচ্ছে সাধারণ মানুষ।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৩৪ জন দগ্ধ হয়ে তাদের কাছে চিকিৎসা নিতে এসেছেন, যাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

নাশকতার আগুনে পোড়া ১৭ জন এখনো ভর্তি আছেন বলে চিকিৎসকরা জানান।

সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ বিএনপির উদ্দেশ্যে বলেন,  “আমরা যদি কান্না নিবারনের জন্য রাজনীতি করি... আমরা আহ্বান করি, আসুন সবাই বসি। সমস্যার সমাধানে আলোচনায় বসি।”

তিনি প্রশ্ন করেন, “আমরা সহিংসতা করব? নাকি গণতন্ত্রের চর্চা করব?”

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, “যেহেতু আমি বয়োজ্যেষ্ঠ, আমার ডাকে সাড়া দিলে খুশি হব। ব্যক্তিগত স্বার্থে নয়, দেশের স্বার্থে।”

বিএনপির এই আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, “তারা যদি জনপ্রিয় দল হতো, তাহলে কর্মসূচি দিয়ে বাসায় বসে থাকত, জনগণই কর্মসূচি সফল করত; সহিংসতা চালাতে হতো না।”

বিএনপির নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবির সঙ্গেও তিনি দ্বিমত পোষণ করেন।  

এরশাদ বলেন, “মধ্যবর্তী নির্বাচন চাই না। আগে নির্বাচনের সংস্কৃতি ঠিক করতে হবে।”

অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু এ সময় এরশাদের সঙ্গে ছিলেন।