রাঙ্গার মুখে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে এক অনুষ্ঠানে বক্তব্য শেষ করলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলী থেকে অপসারিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
রোববার সিরডাপ মিলনায়তনে ‘সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদ স্থায়ী কমিটির ভূমিকা’ শীর্ষক জাতীয় সম্মেলনে সমাপনী বক্তব্যে জাতীয় পার্টি নেতার এই স্লোগান শুনে অতিথিদের অনেকে ‘বিস্ময়’ প্রকাশ করেন।
নাম প্রকাশে একজন এনজিওকর্মী এ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরোধী দল এখন সরকারের পেটে। তাদের মুখে কখনো একসঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শুনিনি। জাতীয় পার্টি থেকে অপসারিত হয়ে মন্ত্রীরাও এখন জাতীয় স্লোগান রপ্ত করছেন।”
বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের মধ্যদিয়ে গঠিত সংসদে বিরোধী দলের আসন নেওয়ার পাশাপাশি সরকারেও যোগ দিয়েছে জাতীয় পার্টি।
সম্প্রতি রাঙ্গাকে দলের সভাপতিমণ্ডলী থেকে বাদ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তখন তাকে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানাতে দেখা গিয়েছিল।
সিরডাপ মিলনায়নের ওই অনুষ্ঠানে আধা ঘণ্টারও বেশি সময় ধরে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি স্থানীয় সরকারের প্রতিনিধিদদের বক্তব্য শোনেন এবং তাদের সমস্যা সমাধানে আশ্বাস দেন।
বক্তব্যের সব শেষে তিনি বলেন, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের।”
ফাইল ছবি
প্রতিমন্ত্রী দুর্নীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা যারা নেতৃত্ব দিই, তাদের মধ্যে সততার অভাব রয়েছে। যতদিন পযন্ত তা পরিহার করে জনগণের সেবা করতে না পারছি, ততদিন পর্যন্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে না।”
নারী প্রতিনিধিদের সক্রিয়তা প্রত্যাশা করে তিনি বলেন, “নারী হিসেবে নয়, সবাই যদি মানুষ হিসেবে কাজ করতে পারি তবেই এগিয়ে যাব। মহিলাদের শত্রু কিন্তু মেয়েরাই। মেয়েরাই অনেক সময় বেশি নিজেদের সমালোচনা করে।”
ইউপি চেয়ারম্যানদের পদমর্যাদা দেওয়া ও সম্মানী ভাতা বাড়ানোর বিষয়ে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ইউনিয়ন পরিষদ স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে স্যানিটেশন সুবিধা দিতে আগামী অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানো হবে।
অনুষ্ঠানে বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেরিন রহমান খান অবিলম্বে জেলা পরিষদ নির্বাচনের উদ্যোগ নিতে সরকারকে পরামর্শ দেন।
‘উন্নয়ন সমন্বয়’ আয়োজিত এ সম্মেলনে উম্মূক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মোকাদ্দেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইএসএস’র সিনিয়র রিসার্চ ফেলো ড. মাহফুজ কবীর।
