২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজুল-রাঙ্গাকে প্রেসিডিয়াম থেকে সরালেন এরশাদ

মশিউর রহমান রাঙ্গা ও তাজুল ইসলাম চৌধুরীকে জাতীয় পার্টির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম পর্ষদ থেকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 04:12 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

রাঙ্গা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং তাজুল সংসদে বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্বে রয়েছেন।

বুধবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে রওশন ঘনিষ্ঠ এই দুই নেতাকে দলীয় ফোরাম থেকে অব্যাহতির এ তথ্য জানানো হয়।

এরশাদের গণমাধ্যম ও রাজনীতি বিষয়ক সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে  মশিউর রহমান রাঙ্গা ও তাজুল ইসলাম চৌধুরীকে প্রেসিডিয়ামের সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছেন চেয়ারম্যান এরশাদ।

সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে সরকারের সমালোচনা করে মন্ত্রিসভা থেকে দলীয় নেতাদের পদত্যাগের আলাপ-আলোচনা চলার কথা জানান এরশাদ।

“এরশাদের ওই আহ্বান নিয়ে সোমবার সংসদে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে আলোচনা হয়। সেখানে তাজুল ও রাঙ্গা দলীয় চেয়ারম্যানের আহ্বানের বিরোধিতা করে আগে তাকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে পদত্যাগের কথা বলেন,” নাম প্রকাশ না করার শর্তে বলেন জাতীয় পার্টির এক নেতা।

ওই বৈঠকের সময় হবিগঞ্জে অবস্থানরত এরশাদ মঙ্গলবার রাতে ঢাকা ফেরেন বলে জানান তিনি।

বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ৩৪ জন সদস্য নিয়ে এ সংসদে বিরোধী দল হিসেবে রয়েছে জাতীয় পার্টি। দলটির সভাপতিমণ্ডলির সদস্য রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা হলেও দলের তিন নেতা মন্ত্রিসভায় রয়েছেন।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর কাছে তাজুল-রাঙ্গার নালিশ