২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাছে তাজুল-রাঙ্গার নালিশ

দলের সভাপতিমণ্ডলীর পদ হারিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নালিশ জানিয়েছেন জাতীয় পার্টির দুই নেতা তাজুল ইসলাম চৌধুরী ও মশিউর রহমান রাঙ্গা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 07:52 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বুধবার এই দুজনকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, যিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বেও রয়েছেন। 

দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত জানার পর জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে পেয়ে তার কাছে নালিশ জানাতে দেখা যায় তাজুল ও রাঙ্গাকে।

মাগরিবের নামাজের বিরতি ঘোষণার পর শেখ হাসিনা যখন অধিবেশন কক্ষ থেকে বের হতে উঠে দাঁড়ান, তখন বিরোধী দলের সারি থেকে তার কাছে ‍ছুটে যান জাতীয় পার্টির দুই সংসদ সদস্য।

তাদের পেছন পেছন জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার এবং সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদও যান প্রধানমন্ত্রীর কাছে।

দলের সভাপতিমণ্ডলীর পদ খোয়ানোর খবর জানিয়ে তাজুল ও রাঙ্গা বেশ কিছুক্ষণ ধরে কথা বলেন শেখ হাসিনার সঙ্গে।

তাদের কিছু কথা সংসদ গ্যালারি থেকেও শোনা যাচ্ছিল, যাতে স্পষ্ট হয় তারা দলীয় চেয়ারম্যানের সিদ্ধান্তে অসন্তোষ জানাচ্ছিলেন।

তাজুল প্রধানমন্ত্রীকে বলেন, “পদ থেকে সরানোর কাগজও পাঠিয়ে দিয়েছে। টিভিতে স্ক্রলে এই খবর দেখাচ্ছে।”

Image
মশিউর রহমান রাঙ্গা (বাঁয়ে) ও তাজুল ইসলাম চৌধুরী

মশিউর রহমান রাঙ্গা (বাঁয়ে) ও তাজুল ইসলাম চৌধুরী

তাজুল ও রাঙ্গা অনেকটা একসঙ্গেই প্রধানমন্ত্রীকে বলেন, তাদের দু’জনের জেলার কমিটিও ভেঙে দেওয়া হয়েছে।

হাওলাদার প্রধানমন্ত্রীর সঙ্গে দু’একটি কথা বললেও নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন ফিরোজ রশীদ।

অধিবেশনের বিরতির সময় বের না হয়ে প্রধানমন্ত্রীর কাছে বিরোধী দলের সাংসদদের নালিশ জানানোর চিত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন বেশ কয়েকজন সংসদ সদস্য।

জাসদের শিরীন আখতার, প্রধান হুইপ আ স ম ফিরোজও এসময় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন।

সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে সরকারের সমালোচনা করে মন্ত্রিসভা থেকে দলীয় নেতাদের পদত্যাগের আলাপ-আলোচনা চলার কথা জানান এরশাদ।

এরপর তাজুল ও রাঙ্গা তাদের দলীয় চেয়ারম্যানের প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব ছাড়ার কথা বলে এরশাদের রোষানলে পড়েন বলে জাতীয় পার্টি সূত্র জানায়।

বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে নানা নাটকীয়তার পর অংশ নিয়ে প্রধান বিরোধী দলের আসনে বসছে জাতীয় পার্টি। সেইসঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায়ও যোগ দিয়েছে তারা, রাঙ্গাও প্রতিমন্ত্রী হয়েছেন।

এরশাদের স্ত্রী রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হয়েছেন, বিরোধীদলীয় প্রধান হুইপ হয়েছেন তাজুল। এরশাদ নিজে হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

একই সঙ্গে সরকারে অংশ গ্রহণ এবং বিরোধী দলে থাকা নিয়ে জাতীয় পার্টির ভেতরেও সমালোচনা হয়েছে।

পুরনো খবর:

তাজুল-রাঙ্গাকে প্রেসিডিয়াম থেকে সরালেন এরশাদ