২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আ.লীগ-বিএনপি পাল্টাপাল্টি, বৃহস্পতিবার হরতাল

বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হাতবোমা হামলা হয়েছে। এতে নেতাকর্মীসহ অন্তত ১৫ জন আহত হন বলে দলটির নেতারা জানিয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 06:36 PM

Updated : 16 Sep 2026, 04:33 PM

বুধবার দুপুরে এ ঘটনার পর জেলা বিএনপি, শহর বিএনপি ও শ্রমিক দল অফিসে ভাংচুর করা হয়।

এদিকে, কার্যালয়ে হামলা ভাংচুরের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল বগুড়া জেলায় বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল ডেকেছে।  

বগুড়া সদর থানার ওসি ফাইজুর রহমান জানান, “ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে জেলা যুবদল সভাপতি সিফার আল বখতিয়ারকে জেলা বিএনপি অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সন্দেহভাজন আরো ১০ জনকে।”

আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ২টায় আওয়ামী লীগ অফিসের সামনে কে বা কারা পরপর পাঁচটি হাতবোমা নিক্ষেপ করে। এরমধ্যে তিনটি বিস্ফোরিত হয়। এ সময় শহরের জিরো পয়েন্ট সাতমাথা ও টেম্পল রোডে আতংকিত লোকজন ছোটাছুটি শুরু করে।

বোমার আঘাতে আহত আওয়ামী লীগ নেতা-কর্মীসহ কয়েকজন আহত হয়ে রাস্তায় পড়ে যান।

এরপর বিক্ষুব্ধ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা জেলা বিএনপি অফিস, শহর বিএনপি অফিস ও শ্রমিকদল অফিসে হামলা চালায়। এ সময় অফিসের সামনে কয়েকটি দোকানসহ একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শহীদুল ইসলাম বাপ্পী জানান, দুপুর আনুমানিক সোয়া ২টায় বিএনপির একটি বিক্ষোভ মিছিল টেম্পল রোডের দলীয় কার্যালয় থেকে একটু দুরে সাতমাথা দিয়ে চলে যাওয়ার পরপরই দলীয় কার্যালয় লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা পরপর ৫টি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে বিকট শব্দে ৩টি বিস্ফোরিত হয়।

তিনি বলেন, বোমা হামলায় শহর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সুলতান মাহমুদ খান রনী, শাহ সুলতান কলেজ নেতা গোলাম, নির্মাণ শ্রমিক বুলবুল, রিকশা শ্রমিক মুনসুর, চা বিক্রেতা কাবিল, আওয়ামী লীগ কর্মী মো. মজনু, জাফরুল, বাদল ও মিজানসহ অন্তত ১৫ জন আহত হন।

বগুড়া শহর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বকুল জানান, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালনের পর সবাই চলে যাওয়ার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে অফিসের সামনের দোকান ভাংচুরসহ বিভিন্ন স্থানে টাঙ্গানো খালেদা জিয়ার ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি কার্যালয়ে হামলার প্রতিবাদে জেলা ২০ দলের সভায় বৃহস্পতিবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত বগুড়া জেলায় হরতালের সিদ্ধান্ত হয়।

তবে, ধুনট ও সারিয়াকান্দি বন্যাকবলিত হওয়ায় ওই দুই উপজেলা হরতালের আওতামুক্ত রাখা হয়েছে বলে তিনি জানান।