২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী জাফর আইসিইউতে

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ১৯ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 10:12 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

কাজী জাফরের একান্ত সহকারী গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শারীরিক অবস্থার অবনতি ঘটায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে কেবিন থেকে আইসিইউতে নেয়া হয়।

আইসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি।

অধ্যাপক মমিনুজ্জামানের তত্ত্বাবধানে কাজী জাফর আহমদ চিকিৎসাধীন আছেন বলে জানান গোলাম মোস্তফা।

গত মঙ্গলবার বনানীর বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হৃদযন্ত্র ও কিডনির সমস্যা ছাড়াও ডায়াবেটিসে ভুগছেন এই রাজনীতিক।

Image
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিএনপির সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিএনপির সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সন্ধ্যায় কাজী জাফর আহমেদকে দেখতে হাসপাতালে যান বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারা আইসিইউতে তার শয্যার পাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

দীর্ঘ তিন দশক জাতীয় পার্টির সঙ্গে থাকা কাজী জাফরকে গত বছরের ২৮ নভেম্বর পার্টি থেকে বহিষ্কার করেন এইচ এম এরশাদ।

এরপর দলের একাংশকে নিয়ে জাতীয় পার্টি নামেই নতুন দল গঠন করে চলতি বছর ২৫ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেন কাজী জাফর।