২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বদলীয় সরকার: বিকালে বিএনপির সমাবেশ

নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনের প্রতিবাদে বিকালে সারাদেশে মহানগর-জেলা পর্যায়ে বিক্ষোভ করবে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 11:24 AM

Updated : 23 Aug 2022, 07:19 PM

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজধানীতে এই সমাবেশ হবে শুক্রবার বিকাল ৩টায়, সোহরাওয়ার্দী উদ্যানে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা এতে বক্তব্য দেবেন।

যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, বিরোধী দলীয় নেতার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ নেতা-কর্মীদের মুক্তির জন্যও দাবি জানানো হবে এই সমাবেশ থেকে।

এছাড়া মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় নেতাকর্মীরা একই কর্মসূচি পালন করবে।

বিএনপির আপত্তির মধ্যেই সরকার নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভা করে ইতোমধ্যে দপ্তর বণ্টন করেছে। এই সরকারের অধীনেই মধ্য জানুয়ারিতে দশম জাতীয় সংসদ নির্বাচন হবে।

বিএনপিকেও এ সরকারে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে ‘তামাশা’ আখ্যায়িত করে বিরোধী দল তা প্রত্যাখ্যান করেছে।

বিএনপি নেতারা বলছেন, তাদের বাদ দিয়ে একতরফা নির্বাচন করতেই সরকারের এ উদ্যোগ।     

পুরনো খবর:

‘কুশল বিনিময়’
নির্বাচনে আসুন: বিএনপিকে হাসিনা
‘বিএনপি হতাশ’
‘তফসিলের পর মন্ত্রিসভার আর সম্প্রসারণ নয়’
স্পষ্ট হয়েছে, সরকার ‘একতরফা’ নির্বাচনের পথে: বিএনপি