২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি হতাশ’

নির্বাচনকালীন সরকারে বিষয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তে আশাহত হয়েছে বিরোধী দল বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

Image
জয়নুল আবদিন ফারুক, ফাইল ছবি

জয়নুল আবদিন ফারুক, ফাইল ছবি

বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভায় বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “গতকাল সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতি তাকে নির্বাচনকালীন সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলীয় নেতার সাক্ষাতের পর এরকম সিদ্ধান্ত আমরা আশা করিনি।

তিনি বলেন, বিএনপি আশা করেছিল, রাষ্ট্রপতি দেশের ১৬ কোটি মানুষের ‘অভিভাবক’ হিসাবে সংকট নিরসনে দুই দলের মধ্যে সংলাপের উদ্যোগ নেবেন।

“আমরা আবারো রাষ্ট্রপতিকে অনুরোধ করছি,  সময় এখনো শেষ হয়নি। আপনি সমঝোতার উদ্যোগ নিন।”

বিএনপিকে বাদ দিয়ে ‘একতরফা’ নির্বাচন করতে দেয়া হবে না বলেও সরকারকে হুঁশিয়ার করেন বিরোধী দলীয় প্রধান হুইপ।

বুধবার নবম সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে আমি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছি, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধানকে জানিয়ে এসেছি। তিনি আমাকে অনুমতি দিয়েছেন নির্বাচনকালে সরকার পরিচালনা অব্যাহত রাখার।”

সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে, যার তফসিল আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে বলে ইতোমধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন।

ফারুক বলেন, “প্রধানমন্ত্রী ও  সংসদ নেতা বলেছেন, এটি নবম সংসদের শেষ অধিবেশন। আমি রাষ্ট্রপতিকে অনুরোধ জানাব, এখনো সময় আছে, আপনি আবার সংসদ অধিবেশন আহ্বান করে নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজনের উদ্যোগ নিন।”

আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না মন্তব্য করে তিনি বলেন, “দেশের মানুষ বিশ্বাস করে না আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।”

‘একগুয়েমি’ পরিহার করে সরকারকে ‘সমঝোতায়’ আসারও আহ্বান জানান এই বিএনপি নেতা।

ডেমোক্রেটিক মুভমেন্টে নামের একটি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে ‘চলমান সংকট, রাষ্ট্রপতির ভূমিকা ও জনগনের প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

সংগঠনের উপদেষ্টা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, আবদুল আউয়াল ঠাকুর, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ছাত্রদল নেত্রী সেলিনা সুলতানা, ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি আজিজুল হাই সোহাগ বক্তব্য দেন।

পুরনো খবর:

নির্বাচনে আসুন: বিএনপিকে হাসিনা
‘অধিবেশন শেষ, এবার নির্বাচন’
স্পষ্ট হয়েছে, সরকার ‘একতরফা’ নির্বাচনের পথে: বিএনপি
‘তফসিলের পর মন্ত্রিসভার আর সম্প্রসারণ নয়’