২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পষ্ট হয়েছে, সরকার ‘একতরফা’ নির্বাচনের পথে: বিএনপি

নবম সংসদের শেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 11:46 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

বুধবার রাতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রতিক্রিয়ায় বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে, তারা একদলীয় নির্বাচনের মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা বাস্তবায়নের পথে এগুচ্ছে।”

“আমরা মনে করি, প্রধানমন্ত্রীর বক্তব্যে সঙ্কট আরো ঘনীভূত হবে।”

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপিকে নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকারে যোগ দিয়ে নির্বাচনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধান অনুযায়ী নির্বাচনের অভিপ্রায়ও প্রকাশ করেন তিনি।

ফখরুল বলেন, “আমরা সরকারের প্রতি দাবি রাখছি, সঙ্কট নিরসনে অবিলম্বে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিন।”

“অন্যথায় যে কোনো পরিস্থিতির দায় সরকারের ওপর বর্তাবে,” হুঁশিয়ারিও দেন বিএনপি নেতা।

সংবিধান অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে, যার তফসিল আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে বলে ইতোমধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন।

সংসদ বহাল এবং প্রধানমন্ত্রীসহ তার মন্ত্রিসভার স্বপদে থাকা সবার জন্য সমান সুযোগ রেখে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অন্তরায় বলে মনে করেন ফখরুল।  

Image
File Photo

File Photo

“দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবি নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় আমরা দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছি। প্রধানমন্ত্রী গোটা জাতির আশা-আকাঙ্ক্ষা উপেক্ষা করে একদলীয় নির্বাচন করার পথে এগোচ্ছেন।”

“নির্বাচনকালীন সময়ে ক্ষমতাসীন দলের সরকার পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত জাতিকে গভীর সঙ্কটে নিপতিত করবে। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে তার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।”

এক প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র বলেন, “বিরোধী দল এখনো সমঝোতার মাধ্যমে সঙ্কটের সমাধান চায়। একতরফা নির্বাচন করলে তা জাতি মেনে নেবে না।”

গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানানোর সময় ফখরুলের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু প্রমুখ।

পুরনো খবর:

‘অধিবেশন শেষ, এবার নির্বাচন’
নির্বাচনে আসুন: বিএনপিকে হাসিনা