২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অধিবেশন শেষ, এবার নির্বাচন’

নির্বাচনকালীন সরকার পরিচালনায় রাষ্ট্রপতির অনুমতি পেয়েছেন জানিয়ে গণতান্ত্রিত ধারা অব্যাহত রাখতে জনগণকে স্বতস্ফূর্তভাবে দশম সংসদ নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 08:00 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

বুধবার বিরোধী দলের অনুপস্থিতিতে নবম সংসদের সমাপনী অধিবেশনে দেয়া বক্তৃতায় ‘সর্বদলীয়’ সরকার গঠনের প্রক্রিয়াগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

“সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে আমি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছি, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধানকে জানিয়ে এসেছি। তিনি আমাকে অনুমতি দিয়েছেন নির্বাচনকালে সরকার পরিচালনা অব্যাহত রাখার।”

সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে, যার তফসিল আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে বলে ইতোমধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন। 

প্রধানমন্ত্রী সংসদে বলেন, “রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি নির্বাচনের ব্যবস্থা নিতে। নির্বাচন কমিশন এ নির্বাচনের তারিখ ঘোষণা করবে। নির্বাচন বাংলার মাটিতে হবেই। নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো থাকবে না।” 

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ও তিন কমিশনার মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

তার আগে ১৭ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করেন।    

পরদিন মন্ত্রিসভায় যোগ দেন আটজন নতুন সদস্য, যার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী গঠিত হয় সর্বদলীয় মন্ত্রিসভা।  

আসন্ন নির্বাচনের সময় এই সরকারই ক্ষমতায় থাকবে। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই থাকবেন সেই সরকারে প্রধান।

৪৮ মিনিটের ভাষণে নির্বাচনকালীন এই সরকারের রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার নেতৃত্বে ‘ছোট’ আকারের এই মন্ত্রিসভার দপ্তর বণ্টন হয়ে গেছে। বৃহস্পতিবার গেজেট আকারে তা প্রকাশ করা হবে।

“এই সময়টায় নির্বাচনী কাজ চলবে। মৌলিক বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না, রুটিন কাজ করবে মন্ত্রিসভা। যারা সরকারে থাকবে তারা ইসি যে নির্দেশনা দেবে তা মেনে চলতে বাধ্য থাকবে। আমিও সে নির্দেশনা মেনে চলব।”

তিনি জানান, মন্ত্রীরা পদে থেকে নির্বাচনে অংশ নিলেও আইন অনুযায়ী সুযোগ-সুবিধা বাদ দিয়ে একজন প্রার্থীর মতো চলাচল করবেন।

নির্বাচন চলাকালে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ইসির নিয়ন্ত্রণে থাকবে। প্রশাসনের কর্মকর্তাদের বদলি করারও ক্ষমতাও ন্যস্ত থাকবে তাদের হাতে।

বিরোধী দলকেও নির্বাচনে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “নির্বাচন নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। নির্বাচনে অংশগ্রহণ করুন। জনগণ যাকে ভোট দেবে সে জয়ী হবে। আমি যতক্ষণ আছি, ততোক্ষণ ভোট নিয়ে কারচুপির নিয়ত আমার নেই।”

অধিবেশন শেষ করার আগে এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এর আগে প্রধানমন্ত্রী জানান, জরুরি অবস্থা ও যুদ্ধাবস্থার মতো কোনো জরুরি পরিস্থিতি দেখা না দিলে নির্বাচনের আগে আর সংসদ বসবে না।

সংসদের বিদায়ী বক্তৃতায় শেখ হাসিনা বলেন,“অতীতে ক্ষমতা ছাড়ার সময় নানা সংকট হয়েছে। ১৯৭৫ সালের পর ৩৮ বছরে মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল ১৯৯৬ সালে; এ ছাড়া আর কখনো সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। এটা জাতির জন্য দুঃখজনক।”

গত ১৮ অক্টোবর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন এই 'সর্বদলীয়' মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেন এবং বিরোধী দলকে তাতে যোগ দেয়ার আহ্বান জানান।

তবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি ও তাদের শরিকরা ওই প্রস্তাবে সাড়া দেয়নি, যা নিয়ে বক্তৃতায় হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা সংসদে বলেন, “আমরা একটি সুষ্ঠু ব্যবস্থা রেখে যেতে চাই।… আমরা চাই না, অসাংবিধানিকভাবে আর কখনো ক্ষমতা পরিবর্তন হোক। এ দেশের নাগরিকদের জন্য সুষ্ঠু গণতান্ত্রিক পন্থা রেখে যেতে চাই।”

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে বিপুল বিজয়ের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। নবম জাতীয় সংসদের যাত্রা শুরু হয় ২০০৯ সালের ২৫ জানুয়ারি। এই হিসাবে সংসদের মেয়াদ ২০১৪ সালের ২৪ জানুয়ারি শেষ হচ্ছে।

আগের নির্বাচনে আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়ায় দেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে নবম সংসদের শেষ বক্তৃতায় শেখ হাসিনা বলেন, “আগামী নির্বাচনে আপনারা স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করুন। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখুন।”

পুরনো খবর:

ছয় মন্ত্রী, দুই প্রতিমন্ত্রীর শপথ