২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কুশল বিনিময়’

নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের বিরোধের মধ্যে সমঝোতার আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাস্যোজ্জ্বল ছবি অনেকের মনেই আশার সঞ্চার ঘটিয়েছে।

মুনীরুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 11:53 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

পুরনো খবর:

সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাননি খালেদা
আ. লীগ কখনো সশস্ত্র বাহিনীকে ব্যবহার করেনি: হাসিনা

বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের একসঙ্গে দেখার পর রাতে বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানগুলোতে মূল বিষয় হয়ে উঠেছিল এই ছবি।

প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে- জানতে চাইলে ফখরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুশল বিনিময় হয়েছে।” 

ছবিতে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো মির্জা ফখরুলও ছিলেন হাসিমুখ। তাদের পাশে থাকা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদসহ অন্যদের মুখেও ছিল হাসি।

আব্দুস শহীদ সাংবাদিকদের বলেছেন,প্রধানমন্ত্রী সঙ্কট এড়াতে আলোচনা শুরু করতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে মির্জা ফখরুল ‘তেমন’ কিছু বলেননি।  

সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ফখরুলের নেত্রী বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। গত বছর এই অনুষ্ঠানে তিনি যোগ দিলেও প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা কিংবা কথা হয়নি।

গত বছর যখন সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান হয়, তখন দুই দলের মধ্যে রাজনৈতিক বিরোধ এখনকার মতো প্রকটভাবে ধরা পড়েনি।

এবারের অনুষ্ঠান যখন হল, তখন নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে রাজপথে আন্দোলনে রয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। অন্যদিকে সেই দাবি উপেক্ষা করে ‘সর্বদলীয়’ সরকারের অধীনে নির্বাচনের পথে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নির্দলীয় সরকারের দাবিতে গত তিন সপ্তাহের অধিকাংশ দিনই গেছে হরতালে, যার দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। বিরোধী দল বলছে, দাবি মানতে নারাজ সরকারের দমন-পীড়নের কারণে ‘বাধ্য’ হয়েই তাদের কর্মসূচি দিতে হচ্ছে।

অন্যদিকে বিরোধী দলের দাবি ‘সংবিধানসম্মত’ নয় জানিয়ে সরকারি দলের নেতাদের বক্তব্য, দেশকে অচলাবস্থার দিকে ঠেলে দিতে বিরোধী দলের আন্দোলন। এর উদ্দেশ্য, ‘অগণতান্ত্রিক শক্তিকে’ ক্ষমতায় আসার পথ ‘তৈরি’ করে দেয়া। 

দুই দলের মুখোমুখি এই অবস্থানে দেশে সংঘাত-হানাহানির আশঙ্কায় দেশবাসীর যে উদ্বেগ, তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘জনপ্রতিক্রিয়া বিভাগে’ও ধরা পড়েছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী- তা জানতে ও জানাতে চালু হওয়া ‘জনপ্রতিক্রিয়া’ বিভাগকে দেয়া মতামতে প্রায় সবাই সংঘাত এড়াতে দুই প্রধান দলের সমঝোতা প্রত্যাশা করেছেন।

দুই দলের কাছে শান্তির প্রত্যাশা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার হামিদুর রহমান বলেন, “হরতাল চাই না। আমরা কাজ করে ভালো থাকতে চাই।”

আর সংঘাত এড়াতে নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের সমঝোতা প্রত্যাশী বরগুনার দন্ত চিকিৎসক কামরুল হাসানের ভাষায়, “সমঝোতা না হলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে।”

সাধারণ মানুষের এই চাওয়ার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলের মুখপাত্রের হাস্যোজ্জ্বল ছবি দেখল দেশবাসী; যদিও এই ছবির বাইরে দুই দলের নেতাদের বক্তব্য খুব আশাবাদী হওয়ার মতো নয়।

দুই দলই সংলাপের জন্য পরস্পরকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে আসছে। গত মঙ্গলবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করে সংলাপ আয়োজনে তার হস্তক্ষেপ চান।

রাষ্ট্রপতির কাছে মির্জা ফখরুল স্বাক্ষরিত যে বক্তব্য বিরোধী দলের পক্ষ থেকে দেয়া হয়, তা বঙ্গভবন থেকে সরকারের কাছে পাঠানো হয়েছে বলে বাসস বৃহস্পতিবারই জানিয়েছে।

সেনাকুঞ্জের অনুষ্ঠানে মির্জা ফখরুলে সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

Image
সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মহাজোট নেতারা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মহাজোট নেতারা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষ মহাজোটের কয়েকজন নেতার সঙ্গেও হাস্যোজ্জ্বল দেখা যায় ১৮ দলীয় জোটের মুখপাত্র ফখরুলকে।

রাজনৈতিক অঙ্গনে ‘সুজন’ হিসেবে পরিচত ফখরুলকে পেয়ে ষাটের দশকে ছাত্র আন্দোলনের সঙ্গী নুরুল ইসলাম নাহিদের উচ্ছ্বাসও ধরা পড়ে ক্যামেরায়।

গত শতকের ষাটের দশকে এই দুজনই বাম ধারার ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নে যুক্ত ছিলেন। ফখরুলকে জড়িয়ে ধরা শিক্ষামন্ত্রী নাহিদের পাশেই দেখা যায় ওই সময়কার ছাত্রনেতা ও বর্তমানে জাসদ সভাপতি ইনুকে।

তাদের পাশে দাঁড়ানো ওই সময়কার বামপন্থী নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার মুখেও ছিল হাসি।

সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, মন্ত্রিসভার সদস্যরাও ছিলেন।