২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ কখনো সশস্ত্র বাহিনীকে ব্যবহার করেনি: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সশস্ত্র বাহিনীকে কখনো নিজেদের স্বার্থে ব্যবহার করেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 09:43 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

সশস্ত্র বাহিনী দিবসে বৃহস্পতিবার সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে একটি দক্ষ, শক্তিশালী এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে যা যা দরকার, তার সরকার তা দৃঢ়তার সঙ্গে করেছে। 

“সশস্ত্র বাহিনীর যে অভূতপূর্ব উন্নয়ন ও আধুনিকায়ন হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে।”

আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর প্রশংসিত ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষা মিশনে অর্পিত দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে তারা বিশ্ববাসীর কাছে শুধু দেশের ভাবমূর্তিকেই উজ্জ্বল করেনি, জাতিসংঘের ভাবমূর্তিও উজ্জ্বলতর করেছে।

সশস্ত্র বাহিনীর সব সদস্যকে দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধনে এই দিবসের আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর সশস্ত্র বাহিনী জাতীয় অহংকার। সশস্ত্র বাহিনী তাদের জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য জনগণের বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে।

Image
সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে এবার বিরোধীদলীয় নেতা ছিলেন না। তবে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, মন্ত্রিসভার সদস্য, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ যোগ দেন।

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনীর সদস্য, কূটনীতিক, রাজনৈতিক ও পেশাজীবী নেতা, বিশিষ্ট নাগরিক অনুষ্ঠানে ছিলেন।