সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাননি খালেদা
সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাননি বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া।
গত বছর বাদ দিলে বর্তমান সরকারের সময় এই পর্যন্ত তিন বার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই অনুষ্ঠানে যোগ দেন।
২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়া
মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এসময় হাস্যোজ্জ্বল দুজনের সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান ও সংসদে সরকারি দলের হুইপ আব্দুশ শহীদসহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনপির কয়েকজন নেতার কাছে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে খালেদা জিয়ার অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হলে তারা এবিষয়ে কিছু বলতে পারেনি।
শুধু গত বছর সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিরোধী দলীয় নেত্রী। তবে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কোনো কথা হয়নি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে দেখা হয় দুই নেত্রীর। ওই সময় কুশল বিনিময়ও হয় তাদের মধ্যে।
তবে সেনানিবাসের বাড়ি হারানোর পর ২০১০ ও ২০১১ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়াকে দেখা যায়নি।
