২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হরতালে সাড়া নেই

রাজশাহী, সিলেট ও গাজীপুরে কয়েকটি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 03:13 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

রাজশাহী, সিলেট ও গাজীপুরে কয়েকটি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি।

সোমবার সকাল থেকেই রাজধানীতে রিকশা, অটোরিকশা ও অভ্যন্তরীণ রুটের বাস চলতে দেখা যায়। হরতালের মধ্যেও প্রাইভেট কার নিয়ে বের হন অনেকে। রাজধানী ছেড়ে যায় দূরপাল্লার কিছু পরিবহনও, অন্য সময় হরতালে যা দেখা যায় না।

রাজধানীর কয়েকটি স্থানে বিক্ষিপ্ত মিছিল ও গাড়ি ভাংচুরের চেষ্টা ছাড়া জামায়াত কর্মীদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। তবে সকালে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়ায় বাড্ডায় একটি হিউম্যান হলার উল্টে এক ঠিকাদার নিহত হন।

এছাড়া কক্সবাজারে একটি রোগীবাহী মাইক্রোবাসে জামায়াত-শিবির কর্মীরা ভাংচুর চাললে গাড়ির ভেতরেই হার্ট অ্যাটাকে মারা যান এক ব্যক্তি। আর কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের সহিংসতার ঘটনায় গুলিতে নিহত হন একজন, যাকে শিবির কর্মী হিসাবে দাবি করেছে স্থানীয় জামায়াত।   

সকালে রাজধানীর সদরঘাটের ওয়াইজ ঘাট এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে তাতে ধাওয়া দেয় শ্রমিক লীগের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিল থেকে দুই জনকে পিটিয়ে পুলিশে দেয়।

এরা হলেন- দীন আমিন (২১) ও মো. মহসীন (২২)। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতয়ালী থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিন নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের এবং মহসীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের ছাত্র বলে দাবি করেছেন।

হরতালের মধ্যে পুলিশ গাড়ি দেখে দৌঁড় দিলে শ্রমিক লীগের কর্মীরা তাদের ধরে মারধর করে পুলিশকে জানান তারা।

এছাড়া যাত্রাবাড়ীর রায়েরবাগ ও ঢলপুর নতুন রাস্তায় জামায়াত-শিবির কর্মীরা একটি মিছিল বের করে। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

ফায়ার সার্ভিসের মহাখালী স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান জানান, মহাখালীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে হরতাল সমর্থকরা। কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা।

হাজারীবাগেও হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করে ব্যর্থ হয় জামায়াত-শিবিরকর্মীরা।

Image
রাজধানীতে হরতালবিরোধী মিছিল

রাজধানীতে হরতালবিরোধী মিছিল

Image
কারওয়ানবাজার এলাকায় সতর্ক র‌্যাব

কারওয়ানবাজার এলাকায় সতর্ক র‌্যাব

দুপুরে বিজয়নগরে একটি অটোরিকশার পাশে হাতবোমা ফাটানো হলে চালক আহত হন। এ সময় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যা এই হরতাল করে জামায়াতে ইসলামী। তবে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এ দলটির কর্মসূচি প্রত্যাখ্যান করে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে।

নগরবাসীর নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি আগের রাত থেকেই টহল শুরু করে বিজিবি সদস্যরা।

হরতাল আহ্বানকারীদের তেমন দেখা না গেলেও সকাল থেকেই রাজধানীর কারওয়ানবাজার, মগবাজার, মহাখালী, পল্টন, মতিঝিল, সদরঘাটসহ বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল করে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সব মিছিল থেকে হরতাল প্রত্যাখ্যানের পাশাপাশি যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানানো হয়।

রাজধানীতে জামায়াত-শিবিরের সহিংসতার কেন্দ্রস্থলে পরিণত হয়ে ওঠা মতিঝিল-পল্টন এলাকায় এদিন তাদের কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। বরং সকাল থেকেই ওই এলাকায় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর সিবিএ নেতাকর্মী, শ্রমিকলীগের উদ্যোগে দফায় দফায় হরতালবিরোধী মিছিল হয়।

ওই এলাকায় সারাদিনই বিপুল সংখ্যক পুলিশ নিয়োজিত থাকে। সরকারি প্রতিষ্ঠানের মতো বেসরকারি ব্যাংক-বীমাসহ সব প্রতিষ্ঠানেও স্বাভাবিক কাজ-কর্ম চলে।

হরতালের মধ্যে সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে লঞ্চ চলাচলও স্বাভাবিক ছিল। সময় মতো কমলাপুর ছেড়ে যায় সব ট্রেন। গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটের দূরপাল্লার বেশ কিছু বাসও ছেড়ে যায় বলে পরিবহন কর্মীরা জানান।

Image
রাজশাহীতে ভাংচুরের পর ট্রাকে আগুন দিচ্ছে হরতালকারীরা

রাজশাহীতে ভাংচুরের পর ট্রাকে আগুন দিচ্ছে হরতালকারীরা

শাহবাগের আহ্বানে সাড়া দিয়ে হরতালের মধ্যেও ক্লাস ও পরীক্ষা হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন সড়ক ঘুরে সকাল থেকেই বিপণি বিতান ও দোকান পাট খোলা থাকতে দেখা যায়।

বন্দরনগরী চট্টগ্রামেও হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। নগরীর কয়েকটি স্থানে হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা হলেও পুলিশের বাধায় পালিয়ে যায় তারা।

জামায়াত-শিবির কর্মীরা রাস্তায় দাঁড়াতে পারেনি রাজশাহীতেও। তবে সকালে দুটি ট্রাকে ভাংচুর করে একটিতে আগুন ধরিয়ে দিয়েছে তারা। নগরীর বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ৪৭ জনকে আটক করেছে পুলিশ।

সিলেটে সকালে কয়েকটি গাড়ি ভাংচুর ও বিক্ষিপ্ত বোমাবাজি হয়েছে। গাজীপুর, রাজশাহী ও সাভারে চারটি বাসে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা।

পুরনো খবর:

হরতালে জীবনযাত্রা স্বাভাবিক
হরতালের প্রভাব নেই উচ্চ আদালতে
হরতালেও ছেড়েছে দূরপাল্লার ‘কিছু’ বাস
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে যানজট
হরতালে প্রায় স্বাভাবিক চট্টগ্রাম