হরতালের প্রভাব নেই উচ্চ আদালতে
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচার কার্যক্রম ছিল স্বাভাবিক।
সোমবার সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতিরা এজলাসে যান। শুনানি হয় বেশ কয়েকটি মামলার।
বেলা পৌনে ৪টা পর্যন্ত হরতালে হাই কোর্ট বিভাগের অন্তত চারটি বেঞ্চে বিচার কার্যক্রম চলেছে।
এগুলোর মধ্যে রয়েছে- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ।
এ সকল আদালতে বিচারপ্রার্থী ও আইনজীবীদের ভিড় ছিল স্বাভাবিক।
এ ছাড়া সুপ্রিম কোর্টের প্রশাসনিক শাখায় কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি অন্য দিনের মতোই ছিল।
তবে হরতালের সমর্থনে জামায়াতের আইনজীবীদের কার্যক্রম দেখা যায়নি উচ্চ আদালতে।
কক্সবাজারে গত শুক্রবারের সহিংসতায় হতাহতের ‘প্রতিবাদে’ সারা দেশে সকাল সন্ধ্যা এই হরতাল করছে জামায়াতে ইসলামী।
তবে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এ দলটির কর্মসূচি প্রত্যাখ্যান করে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে।
