২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে প্রায় স্বাভাবিক চট্টগ্রাম

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে চট্টগ্রামে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে কাজকর্ম প্রায় স্বাভাবিক রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 07:37 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

ভোরে নগরীর বিভিন্ন সড়কে ভারি যানবাহন চলাচল কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যা বাড়তে দেখা গেছে।  

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত তৈরি পোশাক কারখানাগুলোতে কাজ চলছে। এছাড়া চট্টগ্রাম বন্দরের সকলপ্রকার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নগরীতে ব্যাংক-বীমাসহ সহ বিভিন্ন প্রকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নগরীর বেশ কয়েকটি স্কুল কলেজ খোলা রয়েছে যেগুলোতে শিক্ষার্থী উপস্থিতির সংখ্যাও উল্লেখযোগ্য।

হরতালে চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস না ছাড়লেও ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

কক্সবাজারে সহিংসতায় হতাহতের ‘প্রতিবাদে’ সারা দেশে সকাল সন্ধ্যা এই হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য যে দলটিকে নিষিদ্ধের দাবি জোরালো হয়ে উঠেছে সারা দেশে।

শাহবাগের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে চট্টগ্রামের আন্দোলনকারীরাও জামায়াত-শিবিরের হরতাল প্রতিহত করার ঘোষণা দেয়।

সোমবার সকাল থেকেই নগরীর ষোলশহর, ডিসি হিলসহ কয়েকটি স্থানে জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল ও টায়ার জ্বালানোর চেষ্টা করলেও পুলিশের বাধায় তেমন সুবিধা করতে পারেনি।

এছাড়া নগরীর কোথাও তেমন কোনো অপ্রীতিকার ঘটনা ঘটেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ।

ডিসি হিল এলাকায় মোটরসাইকেলসহ মহসিন কলেজের শাখা ছাত্র শিবিরের সভাপতি নাসির উদ্দিন ও শিবিরকর্মী রাশেদকে পুলিশ আটক করেছে।