কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে যানজট
মেঘনা ও মেঘনা-গোমতী সেতু বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে ব্যবহৃত কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
রোববার রাতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষের পর ৪ ঘণ্টা সড়ক বন্ধ রাখা এবং দুই সেতু মেরামতের জন্য ঢাকা-চট্টগ্রাম রুটের বাড়তি যানবাহনের চাপের কারণে সোমবার সকাল থেকে যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের পরিদর্শক মো: বায়েজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিউদ্দিননগর থেকে শুরু হওয়া গাড়ির দীর্ঘ লাইন শহরের ফুলবাড়িয়া এলাকা ছাড়িয়ে যায। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
তিনি জানান রোববার রাত ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার তন্তর এলাকায় একটি ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। যান দুটি সরানোর জন্য এবং প্রশস্ততা কম হওয়ায় সড়কটি বন্ধ করে দেয়া হয় বলে জানান ওই কর্মকর্তা। এ কারণে দীর্ঘ যানজটের কবলে পড়ে ওই এলাকা।
গত শনিবার থেকে দ্বিতীয় পর্যায়ে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর মেরামত কাজ শুরু হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সব পরিহন আবারো বিকল্প এই সড়কে চলাচল শুরু করেছে।
মহাসড়কে দায়িত্ব পালনকারি ট্রাফিক পুলিশের সার্জেন্ট মামুন জানান, ক্ষতবিক্ষত ও একাধিক ডাইভারশন সেতুর এই বিকল্প সড়ক বাড়তি যানবাহনের চাপ নিতে পারছে। বৃষ্টির কারণেও সড়কে কাদা জমেছে এজন্য গাড়ি পারাপারে সমস্যা হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
জেলা সড়ক ও জনপথ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “এই মহাসড়কটির ব্রাহ্মণবাড়িয়া অংশের ৪২ কিলোমিটার সড়কের অবস্থা ভাল না। এ অংশের অন্তত আটটি সেতু ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় ঢাকা-চট্টগ্রামের অতিরিক্ত প্রায় ২৫ হাজার যান এ সড়কে চলাচল করছে। তাই যানজট হচ্ছে।”
