হরতালে জীবনযাত্রা স্বাভাবিক
জামায়াতে ইসলামীর ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। ঢাকার বাইরে জেলাগুলোতে যান চলাচল করছে। খোলা রয়েছে দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান।
তবে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য কোথাও কোথাও ভাঙচুরের চেষ্টা করেছে জামায়াত-শিবিরের কর্মীরা।
বিভিন্ন স্থান থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারে শুক্রবারের সহিংসতায় হতাহতের ঘটনায় সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা এবং মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য যে দলটিকে নিষিদ্ধের দাবি জোরালো হয়ে উঠেছে দেশব্যাপী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁদপুরে যান চলাচল স্বাভাবিক
জেলায় সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। চলছে দূরপাল্লার বাস, ট্রেন এবং লঞ্চও।
জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে ভাঙচুরের চেষ্টার সময় জামায়াত ও শিবিরের ছয় কর্মীকে আটক করা হয়েছে বলে সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান।
জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান।
হরতালে সাড়া নেই জামালপুরবাসীর
সকাল থেকেই জেলার সর্বত্র সবকিছুই চলছে স্বাভাবিক গতিতে। খোলা রয়েছে অফিস, আদালত, ব্যাংক-বীমা ও শিক্ষা প্রতিষ্ঠান।
জামালাপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হরতাল প্রত্যাখান করায় সকাল থেকে সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান সচল রয়েছে।
এ ছাড়া শাহবাগ গণজাগরণের মঞ্চের আহ্বানে সকাল থেকেই জামালপুরের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে উড়ছে কালো পতাকা।
জয়পুরহাটে পুলিশের ওপর হামলা
জয়পুরহাটে পুলিশর ওপর হামলার অভিযোগে দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ বলেন, পুলিশের উপর হামলার সময় আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর এসএম রাশেদুল ইসলাম সবুজ ও জয়পুরহাট শহর জামায়াতের আমীর আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় ভাঙচুরে বাধা দিলে পুলিশের ওপর হামলা চালায় জামায়াত শিবিরের কর্মীরা। এ সময় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শর্টগানের গুলি ছুড়ে পুলিশ।
নওগাঁয় খোলা রয়েছে দোকানপাট-মার্কেট
সকাল থেকেই নওগাঁ শহরে ছোট ও হাল্কা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা শহর থেকে দূর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দোকান ও বিপনীবিতানগুলো খুলতে শুরু করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
রংপুরে হরতাল হচ্ছে না
সকাল থেকেই দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন ব্যবসায়ীরা। যান চলাচল রয়েছে স্বাভাবিক। ছেড়ে গেছে দুরপাল্লার বাস।
শনিবার রাতে সভা করে হরতাল প্রতিহতের ঘোষণা দেয় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা দোকান মালিক সমিতি, জেলা ১৪ দল এবং জাগরণী মঞ্চের আন্দোলনকারীরা।
সকাল ৮টার দিকে নগরীর বিনোদপুর এলাকায় জামায়াত-শিবির কর্মীরা পিকেটিং করার চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। পরীক্ষা চলছে যথারীতি।
কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শাহ্ মোকসেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন বিভাগের পরীক্ষা যথারীতি চলছে।
হরতালে শেরপুর স্বাভাবিক
দূরপাল্লার যানবাহন চলাচলসহ শেরপুরের সবকিছুই স্বাভাবিক রয়েছে। শহরের দোকানপাট খোলা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। যথারীতি চলছে ক্লাস ও পরীক্ষা।
কাউকে পিবকটিং করতে দেখা যায়নি। নাশকতার অভিযোগে জামায়াত শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়।
দিনাজপুরে হরতালে সাড়া নেই
জেলায় স্কুল-কলেজ খোলা রয়েছে। ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। শহরের কোথাও হরতাল সমর্থনকারীদের কোনো তৎপরতা দেখা যায়নি।
হিলি স্থল বন্দরে হরতালের কোনো প্রভাব পড়েনি বলে স্থানীয়রা জানান।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার পর থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে।
নেত্রকোনায় হরতাল হচ্ছে না
জেলা শহর স্বাভাবিক দিনের মতো সবকিছু সচল রয়েছে। শহরে যান চলাচল করছে। খোলা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও ব্যাংক।
হরতালের সমর্থনে সকাল থেকে কাউকে পিকেটিং করতে দেখা যায়নি।
নাশকতা করতে পারে সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুর রহমান বলেন, নাশকতা করতে পারে সন্দেহে রোববার মধ্যরাতে জেলা খেলাফত যুব আন্দোলনের সভাপতি আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়ায় ঢিলেঢালা হরতাল
বগুড়ায় সব ধরনের হালকা যান চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলছে।
হরতাল সমর্থনে জামায়াত শিবিরের নেতাকর্মীদের তেমন কোনো তপরতা দেখা না গেলেও দুপুর ১২ টারদিকে শহরের মফিজ পাগলার মোড়ে হরতাল সমর্থনকারী টায়ার জ্বালিয়ে ৩টি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।
হরতাল নেই যশোরে
যশোরে সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাটও রয়েছে খোলা।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে পুলিশ ও র্যাব টহল দিচ্ছে।
নারায়ণগঞ্জে মাঠে নেই জামায়াত
নারায়ণগঞ্জে ঢিলেঢালা হরতাল হচ্ছে। দুপুর পর্যন্ত মাঠে দেখা যায়নি জামায়াত-শিবিরকর্মীদের।
দূরপাল্লার যান বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। চলছে ট্রেন ও লঞ্চ।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাবের টহল রয়েছে।
হরতাল হচ্ছে না নরসিংদীতে
নরসিংদীতে দোকানপাট, ব্যাংক বীমা, অফিস আদালতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে। যান চলাচল রয়েছে স্বাভাবিক।
সাতক্ষীরায় গাড়ি ভাঙচুর
সাতক্ষীরায় কয়েকটি গাড়ি ভাংচুর করেছে জামায়াত শিবিরের পিকেটাররা।
দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটের যান চলছে। অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। অফিস-আদালত খোলা থাকলেও অন্যদিনের তুলনায় উপস্থিতি কম।
হরতালের শুরুতে সকালে সাতক্ষীরা-খুলনা সড়কের তালতলায় জামায়াতের পিকেটাররা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গেলে তারা পালিয়ে যায়।
এছাড়া একই সময় সাতক্ষীরা-খুলনা সড়কের কদমতলা এলাকায় একটি পিকআপ ভাংচুর রামচন্দ্রপুর এলাকায় স্থানীয় দৈনিক দৃষ্টিপাত পত্রিকা বহনকারি গাড়ি ভাংচুর করে।
ভাঙচুরের সময় সিরাজগঞ্জে ৫ শিবিরকর্মী আটক
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী বাজারে ভাঙচুরের সময় পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
ভাঙচুরের সময় তারা পুলিশের ওপর হামলাও করে। পরে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
হরতাল হচ্ছে না কুড়িগ্রামে
অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।
হরতালে মুন্সীগঞ্জে জীনবযাত্রা স্বাভাবিক
মুন্সীগঞ্জে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার যান চলাচল করেছে। মাওয়া ফেরি সার্ভিসও ছিল অন্যান্য দিনের মতোই।
