২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালেও ছেড়েছে দূরপাল্লার ‘কিছু’ বাস

হরতালে রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার কিছু বাস ছেড়ে গেছে, যা আগের কয়েকটি হরতালে দেখা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 04:54 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

জামায়াতে ইসলামীর ডাকা এ হরতাল প্রত্যাখান করে রোববার এক সংবাদ সম্মেলনে সারাদেশে যানবাহন চালানোর ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

তাদের ডাকে সাড়া দিয়ে মহাখালী বাস টার্মিনাল থেকে এনা পরিবহনের বাস সময়মত রাজধানী ছেড়ে যাচ্ছে।

এনা পরিবহনের স্টেশন মাস্টার আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ ও সিলেটের উদ্দেশ্যে তাদের বাস ছাড়ছে।

সকাল সাড়ে ৮টার দিকে গাবতলী থেকে সাভার, নবীনগর ও মানিকগঞ্জের উদ্দেশ্যে বেশ কয়েকটি বাস ছেড়ে যায়।

তবে সাবধানতা অবলম্বন করে হরতাল শেষে বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে অনেক পরিবহনের মালিকপক্ষ।

এ বিষয়ে গাবতলী বাস টার্মিনালে ঈগল পরিবহনের স্টেশন মাস্টার মো. নিরু খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল শেষে সন্ধ্যার পর রাজধানী থেকে তাদের গাড়ি ছেড়ে যাবে।

আবার কেউ কেউ সকালটা দেখে বিকালে বাস ছাড়ার কথা ভাবছেন।

সার্বিক পরিবহনের কর্মী মোজাম্মেল হক খান বলেন, বিকালে রাজধানী থেকে তাদের বাস ছেড়ে যাবে।

হরতাল শেষেই বাস ছাড়ার পরিকল্পনার কথা জানান হানিফ, সোহাগ, শ্যামলীসহ বেশ কয়েকটি পরিবহনের কর্মীরা।

এদিকে, হরতালের সকালে রাজধানীর ভেতর অন্য হরতালের তুলনায় সড়কে বাসের সংখ্যা বেশি ছিল। বিআরটিসির বাসের পাশাপাশি সায়েদাবাদ-গাবতলী, গাজীপুর-গুলিস্তান, মিরপুর-গুরিস্তান রুটের বিহঙ্গসহ বিভিন্ন রুটের বাস চলতে দেখা যায়। রাজধানীর সড়কগুলোতে রিকশা, অটোরিকশা চলাচলও রয়েছে স্বাভাবিক।

হরতালের মধ্যেও প্রাইভেটকার নিয়ে বের হয়েছেন কেউ কেউ।

হরতালে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

সদরঘাটে বিআইডব্লিউটিএর টিআই সৈয়দ মাহফুজুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত সদরঘাট থেকে সাতটি লঞ্চ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল। তার মধ্যে ছয়টি লঞ্চ ছেড়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে এমভি আদর নামে একটি লঞ্চ শরীয়তপুরের উদ্দেশ্যে যেতে পারেনি।

কক্সবাজারে সহিংসতায় হতাহতের প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল- সন্ধ্যা এই হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।

যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে তাদের এ হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়।

ওই আহ্বানে সাড়া দিয়ে রোববার বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ সংবাদ সম্মেলনে জানান,  জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করে সোমবার দূরপাল্লার গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।