২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্দলীয় সরকারের বিলও দ্রুত আনুন’

আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের মতো নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের বিল পাশেও দ্রুত উদ্যোগ নেয়ার দাবি করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 11:37 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

সোমবার দুপুরে এক অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, “ট্রাইব্যুনালের একটি আইন যদি আজ সংশোধনের প্রয়োজন হয়, তড়িঘড়ি করে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য সরকার তা নিয়ে আসতে পারে। তাহলে আমরা সরকারকে বলব, ওই সংশোধনীর মতোই দ্রুত নির্দলীয় সরকারের বিলটিও মন্ত্রিসভায় নিয়ে আসুন।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামি ও রাষ্ট্রপক্ষের জন্য সমান সুযোগ রেখে আইন সংশোধনের প্রস্তাব সোমবার মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

শাহবাগ প্রজন্ম স্কোয়ারের তরুণদের প্রতি আহবান রেখে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘গত ৪ বছরে এই সরকার ১৬ হাজার বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীকে হত্যা-গুম করেছে। ক্ষমতাসীনরা দেশের অর্থনীতি লুটপাট করে বিদেশে জমা করেছে। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করে রেখেছে। এসব কথা যদি আন্দোলনে মঞ্চে উঠে আসতো, তাহলে তারা দেশের মানুষের সাধুবাদ পেতো।”

বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলব, রাজনৈতিক মাঠ ঘোলাটে করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। নতুন নাটক করে নির্দলীয় সরকারের চলমান আন্দোলন বন্ধ করা যাবে না।”

বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সরকারকে অভিযুক্ত করেন বিরোধী দলীয় প্রধান হুইপ।

“আমরা হুঁশিয়ারি দিতে চাই, আওয়ামী লীগ সরকার যদি দলীয়ভাবে নির্বাচন করতে চায়, সেই নির্বাচন দেশের মানুষ হতে দেবে না।”

জাতীয় সংসদকে অকার্যকর করার জন্য সরকারি দলকে দায়ী করে জয়নুল আবদিন ফারুক বলেন, “সরকার এই সংসদকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। বিরোধী দলের নেতা খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে প্রতিনিয়ত গালিগালাজ হয় এই সংসদে। এখানে জনগণের কথা বলা যায় না।”

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে কটুক্তি ও মিথ্যাচারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এই প্রতীক অবস্থান কর্মসূচি হয়।

সংগঠনের সভাপতি এম এম মেহবুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সাংসদ রাশেদা বেগম হীরা, সাবেক সাংসদ হেলেন জেরিন খান, ন্যাপ এর মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।