জামায়াত নিষিদ্ধের দাবি
যুদ্ধাপরাধে আটক নেতাদের মুক্তি দাবিতে আন্দোলন থেকে পুলিশের ওপর হামলা এবং ভাংচুরের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টিসহ ১০টি রাজনৈতিক দল।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে দলগুলো সরকারের প্রতি এই দাবি জানায়। তবে একই দিন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, এই বিষয়ে জাতীয় ঐকমত্য হলে সরকার পদক্ষেপ নেবে।
জামায়াত নিষিদ্ধের দাবি জানানো দলগুলো হচ্ছে- ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণঐক্য, সাম্যবাদী দল, গণআজাদী লীগ, বাসদ (বিএসডি), জনসংহতি সমিতি, কমিউনিস্ট কেন্দ্র, গণতান্ত্রিক মজদুর পার্টি ও ন্যাপ।
সমাবেশে গণআজাদী লীগের সভাপতি আব্দুস সামাদ বলেন, “জামাত-শিবির যুদ্ধাপরাধীদের বিচারের রায় বানচাল করার জন্যই সারাদেশে পরিকল্পিতভাবে তাণ্ডব চালাচ্ছে। প্রশাসনকে এ ব্যাপারে আরও কঠোর হয়ে একাত্তরের ঘাতক এই চক্রের রাজনীতি নিষিদ্ধ করে দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা দীপায়ন খিসা, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায় প্রমুখ।
