জাতীয় ঐকমত্য হলে জামায়াত-শিবির নিষিদ্ধ: হানিফ
জাতীয় ঐক্যমত তৈরি হলে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার উদ্যোগ নিতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
মতিঝিলে এই গাড়িতে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা।
ধংসাত্মক কর্মকাণ্ডের জন্য জামাত-শিবিরকে নিষিদ্ধ করা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, “দেশের মানুষ চাইলে, জনগণের চাওয়া অবশ্যই সরকার বাস্তবায়ন করার উদ্যোগ নিতে পারে।”
“তবে এ জন্য প্রয়োজন জাতীয় ঐকমত্য। দেশের প্রধান বিরোধীদল বিএনপি এখনো জামাত-শিবিরকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। এ অবস্থায় জাতীয় ঐক্যমত ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেয়া হলে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া প্রথম রায়ে জামায়াতে ইসলামী একাত্তরে ‘পাকিস্তান রক্ষার’ নামে ‘সশস্ত্র বাহিনী’ তৈরির মাধ্যমে নিরস্ত্র বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেছিল বলে উল্লেখ করা হয়।
ঐতিহাসিক ওই রায়ে জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হয়।
আওয়ামী লীগ নেতা হানিফ বিরোধী দলের সমালোচনা করে বলেন, “গতকাল জামাত-শিবিরের যে হিংস্রতা আমরা দেখেছি তাতে পুরো দেশ উদ্বিগ্ন। কিন্তু বিএনপিকে আমরা মোটেও উদ্বিগ্ন হতে দেখিনি। বরং বিরোধী দলীয় নেত্রী সন্ধ্যায় এদের নিয়েই সভা করেছেন।”
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক নেতাদের মুক্তির দাবিতে সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর চালায় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির কর্মীরা।
মতিঝিলে পুলিশের ওপর অতর্কিত হামলায় মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামানসহ অন্তত ২১ পুলিশ সদস্য আহত হন। এ সময় পাঁচটি গাড়িতে আগুন এবং দুই শতাধিক গাড়ি ভাঙচুর করে শিবিরকর্মীরা।
গণমাধ্যমের খবরে বলা হয়, রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত এক পুলিশ সদস্যকে দেখতে গিয়ে মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ শিবিরের নেতা-কর্মীদের ‘দেখামাত্র গুলি’ করার নির্দেশ দিয়েছেন।
সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকা স্বত্বেও কেন জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোর দিয়ে সব সময় সব আইন পাস করা যায় না।”
পুলিশের উপরে জামায়াত-শিবিরের হামলার ঘটনায় প্রশাসনের ব্যর্থতা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মনে করি আইন শৃংখলা বাহিনী অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। সুতরাং একে আমি ব্যর্থতা বলবো না।”
“তবে যে সব সংরক্ষিত এলাকা সভা, সমাবেশ, মিছিল করা নিষিদ্ধ, এসব এলাকায় তারা মিছিল সমাবেশ করেছে। এ সব এলাকায় যারা আইন শৃংখলার দায়িত্বে ছিলেন তাদের কিছুটা ব্যর্থতা রয়েছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না হয় এ জন্য আইন শৃংখলা বাহিনীকে প্রয়োজনে সর্বশক্তি নিয়োগ করার নির্দেশনা দেয়া হয়েছে।”
জামাত-শিবিরকে অর্থ সরবরাহকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কোন ব্যাবস্থা নেয়া হবে কি না- জানতে চাইলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, “এ মুহূর্তে সরকার শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের কথা ভাবছে। পর্যায়ক্রমে যে সকল প্রতিষ্ঠান জঙ্গিবাদে অর্থ সহযোগিতা দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
সম্প্রতি এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট সব আর্থিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করে সেগুলোকে জাতীয়করণের পক্ষে দিয়েছিলেন জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত।
