২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান ইলেভেন: বিকালে বিএনপির কালো পতাকা মিছিল

২০০৭ সালে ১১ জানুয়ারি সেনানিয়ন্ত্রিত ‘তত্ত্বাবধায়ক সরকার’ গঠনের দিনটিকে ‘কালো দিবস’ হিসাবে পালনের অংশ হিসাবে বিকালে সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপিসহ ১৮ দলীয় জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 06:37 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিকাল ৩টায় রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, সহসভাপতিসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং ১৮ দলীয় জোটের নেতারা এ মিছিলে অংশ নেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলটির মহানগর কমিটির সদস্য আবদুস সালাম।

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ওয়ান-ইলেভেনকে বিএনপি সারাদেশে কালো দিবস হিসেবে পালন করছে। কালো পতাকা হাতে মিছিল করে দলের নেতাকর্মীরা সেনা সমর্থিত অবৈধ মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকারের বিরুদ্ধে ঘৃণা ও ধিক্কার জানাবে।”

ছয় বছর আগের এ দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তনগুলোর একটি ঘটে।

২০০৬ সালের শেষ ভাগে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর সারাদেশে যে সহিংসতা-হানাহানি ছড়িয়ে পড়ে, পরের বছর ১১ জানুয়ারি তার আপাত অবসান ঘটে  রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের জরুরি অবস্থা জারির মধ্যে দিয়ে। একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেন তিনি। বাতিল করা হয় ২০০৭ সালের ২২ জানুয়ারির জাতীয় নির্বাচন। 

এরপর সেনা নিয়ন্ত্রণে গঠিত হয় নতুন ‘তত্ত্বাবধায়ক সরকার’, যার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদ। এই সরকার নির্বাচন কমিশন পুনর্গঠন করে দুই বছর পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর, আবার গণতন্ত্রে ফেরে দেশ। 

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সেই দুই বছরে দুর্নীতির মামলায় বহু রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়। এক পর্যায়ে গ্রেপ্তার হন শীর্ষ দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াও। তবে শেষ পর্যন্ত তাদের মুক্তি পরই নির্বাচন হয়, যাতে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে।