আওয়ামী লীগ সঙ্কট চাইছে: তরিকুল
আগামী নির্বাচনকে কেন্দ্র করে সরকার রাজনৈতিক সঙ্কট তৈরি করতে চাইছে বলে দাবি করেছেন বিএনপি নেতা তরিকুল ইসলাম।
আওয়ামী লীগের অধীনে আগামী নির্বাচন হবে- নোয়াখালীর জনসভায় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরদিন বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি করে আসা বিএনপির এই নেতা বলেন, “পর্বতপ্রমাণ ব্যর্থতায় সরকার দেশের মেরুদণ্ড ভেঙে ফেলেছে। একদলীয় শাসনে অন্ধ হয়ে তারা দেশে দুঃশাসন চালাচ্ছে বলে আজ মানবতা কাঁদছে।”
“আমরা মনে করি, আওয়ামী লীগই বর্তমান সঙ্কট ইচ্ছা করে সৃষ্টি করেছে। একে পাকিয়ে তোলা হয়েছে শুধু চোরাগলি দিয়ে ক্ষমতার ময়ূর সিংহাসনে চিরদিন বসে থাকার অভিপ্রায়ে।”
‘মুক্তিযোদ্ধা গণপরিষদ’ আয়োজিত ওই সভায় নির্দলীয় সরকারের আন্দোলন বেগবান করতে জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
দেশে চলমান সঙ্কট নিয়ে তিনি বলেন, “এক দলের ইচ্ছা-অনিচ্ছার আধিপত্য বজায় রাখতে এই গভীর সঙ্কট তৈরি করা হয়েছে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, কারো খেয়ালখুশি মতো এভাবে দেশ চলতে পারে না। দেশ চলবে মানুষের মতামতের ভিত্তিতে।”
নির্বাচনে হারার ‘ভয়ে’ বর্তমান সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বলে দাবি করেন তরিকুল।
“তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েমের জন্য আওয়ামী লীগ দিনের পর দিন জামায়াতে ইসলামীকে নিয়ে জ্বালাও-পোড়াও করেছিল। এখন তারা সংবিধানকে নিজেদের প্রয়োজনে পরিবর্তন করেছে।”
সভায় বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী বিএনপিকে সংসদে যাওয়ার আহ্বান জানান।
“আপনারা সংসদে গিয়ে জনগণের দাবি তুলে ধরুন। সংসদের ভেতরে এবং বাইরে এ নিয়ে আন্দোলন করতে হবে। বেতন-ভাতা নেবেন, আর সংসদে যাবেন না। তা হতে পারে না।”
সভায় বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, আবদুস সালাম, আবুল বাশার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।
