ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রাখার জন্যই সরকার ইলিয়াস আলীকে ‘গুম’ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান।
শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ডাকসুর সাবেক ভিপি আমান বলেন, “সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে। টিপাইমুখ বাঁধ ও সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে সিলেট অঞ্চলে গড়ে উঠা গণ-আন্দোলনে ভূমিকার কারণেই ইলিয়াস আলী রাষ্ট্রযন্ত্র ও দেশি-বিদেশি অপশক্তির গাত্রদাহের প্রধান কারণ। সেজন্য তিনি গুমের শিকার হয়ে থাকতে পারেন।”
মঙ্গলবার রাতে ‘নিখোঁজ’ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার। মহাখালীর আমতলী সংলগ্ন একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
জাতীয় প্রেস ক্লাবে ‘নব্বইয়ের ছাত্র নেতৃবৃন্দ’ নামে একটি সংগঠনের উদ্যোগে ওই সংবাদ সম্মেলন হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব আমান অবিলম্বে সুস্থ অবস্থায় ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে ফিরিয়ে দিতে সরকারের কাছে আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “ইলিয়াস আলীর নিখোঁজ ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন। কেউ লুকিয়ে রাখলে অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব তাকে খুঁজে বের করা।”
বৃহস্পতিবার দলের অঙ্গসংগঠনের এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিয়াস নিখোঁজের ঘটনাকে ‘বিএনপির নাটক’ বলে মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে ‘নিখোঁজ’ ইলিয়াস আলীকে ফেরত দেওয়া না হলে আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-গণজমায়েত করার কর্মসূচিও ঘোষণা করা হয়।
এতে অন্যদের মধ্যে সাবেক ছাত্র নেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম, মুস্তাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান রতন, এম এ মালেক, সাইফুদ্দিন মনি, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, শেখ লুৎফর রহমান, আসাদুজ্জামান, আসাদুল করীম শাহিন, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, নিলোফার ইয়ামীন মনি, শাম্মী আখতার, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৬৫৭ ঘ.
bdnews24