২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচনের সময় বৃদ্ধির বিল সংসদে

ঢাকা সিটি কর্পোরেশনের দুই অংশের প্রশাসক ও নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা দ্বিগুণের বিধান রেখে এ সংক্রান্ত একটি সংশোধনী বিল সংসদে উত্থাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 01:05 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের দুই অংশের প্রশাসক ও নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা দ্বিগুণের বিধান রেখে এ সংক্রান্ত একটি সংশোধনী বিল সংসদে উত্থাপিত হয়েছে। রোববার সংসদে উত্থাপিত বিলটি পাস হলে নির্বাচনের সময়সীমা ৯০ দিনের বদলে ১৮০ দিন হবে। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) বিল-২০১২’ বিলটি স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে উত্থাপন করেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এর পর পরীক্ষা-নিরীক্ষা করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করে প্রশাসক নিয়োগ এবং ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান করে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) বিল-২০১১’ গত বছরের ২৯ নভেম্বর সংসদে পাস হয়। গত ১ ডিসেম্বর বিলটির গ্রেজেট প্রকাশের মধ্য দিয়ে কার্যকর হয়। বিলের বিধান অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন- উত্তর ও দক্ষিণ নামে দুই ভাগে বিভক্ত হয় এবং সরকার দুইজন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ জানানো হলে এ সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অপরাগতা প্রকাশ করে এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন সাবেক নির্বাচন কমিশন। ওই ৯০ দিন শেষ হচ্ছে আগামী ১ মার্চ। সেই সঙ্গে প্রশাসকের মেয়াদও শেষ হচ্ছে। তাই আইনী জটিলতা এড়াতে সংশোধনী বিলটি সংসদে উঠল। বিলটি পাসের তিন মাসের মধ্যে ডিসিসি নির্বাচন করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯০৭ ঘ.