২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের নাম প্রস্তাব হাসিনার ব্যঙ্গ: ফখরুল

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ব্যঙ্গ’ করেছেন বলে মনে করে বিএনপি।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ব্যঙ্গ’ করেছেন বলে মনে করে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিশ্ব ব্যাংকের প্রধান কীভাবে নিয়োগ পান, তা অবশ্যই প্রধানমন্ত্রীর জানার কথা। এই আন্তর্জাতিক সংস্থার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র থেকে হয়ে থাকেন।” “এরপরও মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রী তার প্রতি ব্যঙ্গ করেছেন বলে আমরা মনে করি।” বৃহস্পতিবার বিকালে শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফখরুল। মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরানোর জন্য যাকে সবচেয়ে বেশি দায়ী করা হয়, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এ নোবেল বিজয়ীকে ওয়াশিংটনভিত্তিক বিশ্ব ব্যাংকের প্রধান করতে বুধবার প্রস্তাব দেন ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলকে। বৃহস্পতিবার ইউরোপীয় প্রতিনিধি দল এক সংবাদ সম্মেলনে বলে, এ প্রস্তাব ইতিবাচক ও আগ্রহোদ্দীপক। নরওয়ের টেলিভিশনে ২০১০ এর ডিসেম্বরে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ স্থানান্তরের অভিযোগ ওঠার পর পরবর্তী ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেখ হাসিনা ও ইউনূসের মধ্যে একরকম ‘তিক্ততা’ তৈরি হয়। যদিও ২০০৬ সালে ইউনূসের নোবেল জয়ের খবরে যারা তাকে সবার আগে অভিনন্দন জানিয়েছিলেন, তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা তাদেরই একজন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে একটি রাজনৈতিক দল গঠনের ব্যর্থ চেষ্টার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নোবেল বিজয়ী ইউনূস। এরপর ২০১০ সালের সেই প্রামাণ্যচিত্র নতুন করে সমালোচনার কেন্দ্রে নিয়ে যায় গ্রামীণ ব্যাংক ও ইউনূসকে। ঋণ দেওয়ার পর গ্রামীণ ব্যাংক গ্রহীতাদের কাছ থেকে যে প্রক্রিয়ায় কিস্তি আদায় করে- তা নিয়েও শুরু হয় নতুন সমালোচনা। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জেলিক গত সপ্তাহে বলেন, তিনি আর এ পদে পুনঃনিয়োগ চান না। পাঁচ বছর মেয়াদ শেষে আগামী ৩০ জুনই তিনি পদ ছাড়বেন। এ সংস্থার পরবর্তী প্রধান হিসেবে যাদের নাম আলোচনায় এসেছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নামও। ‘প্রধানমন্ত্রীর স্বভাবসুলভ মিথ্যা বক্তব্য’ পাবনা জেলার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিসহ কর্মীদের নিয়ে বিকালে মির্জা ফখরুল ইসলাম জিয়ার কবরে ফুল দেন। পরে ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিরোধী দল বাঁকা পথে ক্ষমতায় আসতে চায়- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ রকম বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, “এটা প্রধানমন্ত্রীর স্বভাবসুলভ মিথ্যা বক্তব্য।” “বিএনপি সবসময় গণতান্ত্রিক পথে ক্ষমতায় এসেছে। ২০০১ সালের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় এসেছে।” তিনি দাবি করেন, “বর্তমানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি দেশ-বিদেশে ব্যাপকভাবে জনসমর্থন পাচ্ছে। জাতিসংঘের মহাসচিব ঢাকায় এসে বলে গেছেন, আগামীতে সব দলের অংশ গ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন জাতিসংঘ দেখতে চায়।” “স¤প্রতি ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেইকও নিরপেক্ষ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে গেছেন।” “এখন ঢাকার কূটনীতিকরা বলছেন, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না,” যোগ করেন বিএনপির মুখপাত্র। গতবছর সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার পর থেকে তা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি। সা¤প্রতিক ঢাকা সফরে ব্লেইকের বক্তব্যের প্রেক্ষিতে ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, “ব্লেইক সাহেবদের কথায় দেশ চলবে না।” সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বোঝা যায়- দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। নিজের ঘরে সাংবাদিকের নিরাপত্তা নেই। দেশের মানুষের নিরাপত্তা দিতেও তিনি পারছেন না।” গত ১১ ফেব্র“য়ারি ভোররাতে রাজাবাজারে নিজেদের ভাড়া বাসার শয়নকক্ষে খুন হন সাগর- রুনি। ইতিমধ্যে ১১ দিন পেরিয়ে গেলে হত্যাকারীদের চিহ্নিত বা কাউকে গ্রেপ্তারের খবর দিতে পারেনি পুলিশ। জিয়ার কবরে ফুল দেওয়ার সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত মেজর কে এস মাহমুদের নেতৃত্বে ১৭২ সদস্যের পাবনা জেলা কমিটি ও ৮ সদস্যের জেলা উপদেষ্টা কমিটি অনুমোদন হয় গত মাসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০০৬ ঘ.