ঢাকা, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষার মাস ও স্বাধীনতার মাস হিসাবে ফেব্রুয়ারি ও মার্চে প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো কর্মসূচি পালন করবে।
এ সিদ্ধান্তের পাশাপাশি কয়েকটি দিবসের কর্মসূচিও শনিবার চূড়ান্ত হয় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক।
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক নামপ্রকাশ না করার শর্তে এ কথা জানান।
যেসব দিবসের কর্মসূচি চূড়ান্ত হয় সেগুলো হলো- আন্তর্জাতিক মাতৃভাষায় দিবস (২১ ফেব্রুয়ারি), ঐতিহাসিক ৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস।
৭ মার্চ ঢাকায় আওয়ামী লীগ গণর্যলি করবে বলে জানান ওই নেতা।
এছাড়া আখতারুজ্জামান বাবুকে আওয়ামী লীগের নীতিনির্ধারক ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য করার সিদ্ধান্তও বৈঠকে হয় বলে জানান নামপ্রকাশে অনিচ্ছুক এক জন বিভাগীয় সম্পাদক।
তবে, এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
আতাউর রহমান খান কায়সার মারা যাওয়ায় তার স্থানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সভাপতি বাবুকে দলের কেন্দ্রিয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য করা হচ্ছে।
২০১০ সালের ৯ অক্টোবর আতাউর রহমান খান কায়সার মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩১৭ ঘ.
bdnews24