ঠাকুরগাঁও, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোরদার আন্দোলনের মাধ্যমে মহাজোট সরকারকে পদত্যাগে বাধ্য করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি শুক্রবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির এক সভায় বলেছেন, “দেশে এখন একদলীয় শাসন চলছে, আগামীতে একদলীয় সরকার স্থায়ী করতে আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সরকারকে ঘাড় ধরে নামাতে হবে।”
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে ফখরুল বলেন, তা না হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না।
জেলা বিএনপি কার্যালয়ে ওই সভায় সরকারের সমালোচনা করেন তিনি।
ফখরুল বলেন, “এই সরকার নতজানু সরকার। তারা ভারতের বিরুদ্ধে কোনো ক্ষেত্রে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। টিপাইমুখ বাঁধ নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।”
দেশের অর্থনীতি নাজুক অবস্থায় পৌঁছেছে দাবি করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, “পুঁজিবাজার ভেঙে পড়েছে। তিন বছরে ২শ’ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। বেসরকারি ব্যাংকগুলোও আর সরকারকে ঋণ দিতে চায় না।”
খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে সক্রিয় হতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশও দেন বিএনপির মুখপাত্র।
সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি গোলাম সারোয়ার রঞ্জু চৌধুরী, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ মাসুদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫১ ঘ.
bdnews24