চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার রোড মার্চ এবং সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন এই কর্মসূচির প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম কে আনোয়ার।
বৃহস্পতিবার সকালে সমাবেশস্থল পলোগ্রাউন্ড পরিদর্শন এবং সেখানে প্রস্তুতি সভার পর চট্টগ্রাম নগর বিএনপি কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশের জনগণের দৃষ্টি এখন চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের দিকে।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে আগামী ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামমুখে রোড মার্চ শুরু করবেন বিরোধীদলীয় নেতা। পরদিন চট্টগ্রামে জনসভা করবেন তিনি।
আগের মতো চট্টগ্রাম রোড মার্চ ও সমাবেশেও সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার।
মহাসমাবেশের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, পলোগ্রাউন্ডে মহাসমাবেশ সফল করতে চট্টগ্রামে বিএনপির নেতা কর্মীদের নিয়ে মাঠে বৈঠক করেছি।
রোড মার্চ উপলক্ষে খালেদা জিয়ার সফরসঙ্গী ৫০০ জন বিএনপি নেতার জন্য নগরীর দুটি হোটেলে ৫০০টি শয্যা ঠিক করা হয়েছে বলে জানান তিনি।
প্রস্তুতি সভায় সমাবেশ সফলে স্থানীয় নেতাদের দায়িত্ব বণ্টন, কেন্দ্রীয় নেতাদের আপ্যায়ন, সমাবেশের শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে আনোয়ার জানান।
তিনি বলেন, চট্টগ্রামে ৯ জানুয়ারি খালেদা জিয়ার মহাসমাবেশ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে পটপরিবর্তনের সাক্ষী হয়ে থাকবে।
রোড মার্চ ও সমাবেশে কোনো ধরনের সংঘাত হলে তার জন্য সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ার করেন আনোয়ার।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বিরোধী দলের সব কর্মকাণ্ডেই কেবল নাশকতা দেখতে পান। অথচ ছাত্রলীগকর্মীরা দেশে যে অরাজকতা সৃষ্টি করছে, সাংসদ সাংবাদিক পেটাচ্ছে তা তিনি দেখেন না।”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এম কে আনোয়ারের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বরকতউল্লাহ বুলু, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক প্রমুখ।
বিডিনিউজনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/১৬০০ ঘ.
bdnews24