ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রতিবেশী ভারতের সদিচ্ছা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। দলটি বলছে, তারা 'সমতার ভিত্তিতে' দেশটির সঙ্গে সুসর্ম্পক চায়।
বুধবার বিকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।
তিনি বলেন, "সরকার একদিকে ট্রানজিট দিচ্ছে। অথচ ভারত কাঁটাতার দিয়ে আমাদের সীমান্ত ঘিরে ফেলেছে। ৫৪টি নদীর উজানে তারা বাঁধ দিয়ে স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যের ভারসাম্য নেই। এ অবস্থায় প্রশ্ন জাগে- ভারত কি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সস্পর্ক চায় কি না।"
কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। প্রথম সভা হয়েছিলো ২০১০ সালের ২৮ নভেম্বর।
সভার শুরুতে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করে মোনাজাত করা হয়। পরে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ এবং বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর নির্যাতনের নিন্দা প্রস্তাব গৃহীত হয়।
কেন্দ্রীয় কমিটির বৈঠকে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।
২০০৯ সালে ১১ অক্টোবর হাবিব উন নবী খান সোহেলকে সভাপতি ও শরফত আলী সপুকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের ৩৩৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল তৃণমূল পর্যায় থেকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বৈঠকে।
তিনি বলেন, "ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মানুষের ভোটের অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত হেনেছে সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সরকার নির্বাচনী প্রক্রিয়াকে অস্থিরতার দিকে নিয়ে গেছে।"
এ অবস্থায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন ফখরুল।
হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনীর হোসেন, সাধারণ সম্পাদক শরফত আলী সপু, মহানগর শাখার (দক্ষিণ) আহ্বায়ক আলী রেজাউর রহমান রিপন, মহানগর (উত্তর) শাখার আহ্বায়ক ইয়াসীন আলীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/১৭২৮ ঘ.
bdnews24