ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের পর বিরোধী দলের আন্দোলনে যাওয়ার ঘোষণা এবং বিভিন্ন ইসলামী দলের হরতাল ডাকার পরিপ্রেক্ষিতে শনিবার সংবাদ সম্মেলন করে দলের অবস্থান জানাবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তার ওই সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যে ঢাকায় এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।
তিনি বলেন, "সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রতিবাদে বিরোধী দলের আন্দোলনের হুমকি এবং ধর্মীয় রাজনৈতিক দলগুলোর আন্দোলন কর্মসূচি নিয়ে সাধারণ সম্পাদক কথা বলবেন।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ ৫৫টি সংশোধনী নিয়ে সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হয়।
সংবিধান সংশোধনের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, সংবিধান এখন আওয়ামী লীগের ইশতেহারে পরিণত হয়েছে। এর ফলে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে।
শুক্রবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, মধ্যবর্তী নির্বাচনের দাবিতে নয়, এবার সরকারপতনের জন্য আন্দোলন শুরু হবে।
সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস শব্দবন্ধ তুলে দেওয়ার প্রতিবাদ জানিয়ে ১০ ও ১১ জুলাই হরতাল ডেকেছে কয়েকটি ইসলামী দলসহ ১২টি সংগঠন।
অন্যদিকে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা এবং পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের আদিবাসী স্বীকৃতি না দেওয়ার সমালোচনা করেছে দশটি বামপন্থী দল এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ শুক্রবার জানান, শনিবার বিকালে রাজধানীর হাজারীবাগের কোম্পানিঘাট বেড়িবাঁধে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
জনসভার আগে প্রধানমন্ত্রী হাজারীবাগে ফায়ার ব্রিগেডের একটি স্টেশন উদ্বোধন এবং শেখ রাসেল উচ্চ বিদ্যালয় ও শেখ ফজিলাতুন্নেসা মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানান প্রেস সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/জেকে/০০৫০ ঘ.
bdnews24