২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ক্ষমতায় গেলে তারেকই নেতৃত্ব দেবে: মওদুদ

বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে মানুষের প্রত্যাশা পূরণ করা হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে মানুষের প্রত্যাশা পূরণ করা হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। সোমবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, "দেশের জন্য এখন প্রয়োজন জ্ঞান ও প্রযুক্তিনির্ভর একটি দক্ষ নেতৃত্ব। কেবল তারেক রহমানই তা দিতে পারে। আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে তার নেতৃত্ব্ইে দেশের মানুষের সব প্রত্যাশা পূরণ করা হবে।" বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দিত্বের চতুর্থ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল সোমবার সন্ধ্যায় কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে। ২০০৭ সালের ৭ মার্চ রাতে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে যৌথবাহিনী তারেক রহমানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা দায়ের করা হয়। চিকিৎসার কারণ দেখিয়ে উচ্চ আদালতের জামিন নিয়ে বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে আলোচনা সভায় মওদুদ বলেন, "তারা (সরকার) ভারসাম্য হারিয়ে ফেলেছে। দেশে এক অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। ব্যর্থতার ভারে তাদের পতন ঘটবে।" পূঁজিবাজার থেকে ৮৫ হাজার কোটি টাকা লুণ্ঠনের অভিযোগ এনে সাবেক এই আইনমন্ত্রী বলেন, "সরকার এই লুণ্ঠনের কোনো বিচার করবে না। কাউকে তারা গ্রেপ্তার করবে না। কারণ ওই অর্থ সরিয়ে নেওয়ার পেছনে সরকারেরও ভাগ রয়েছে।" পুঁজিবাজারের অস্থিরতা তদন্তে কমিটি গঠনের বিষয়টিকে 'আইওয়াশ' হিসেবে আখ্যায়িত করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, "বিএনপি তারেক-বন্ধনা করে না। যোগ্য ব্যক্তি হিসেবে তাকে নেতৃত্বে বসাতে চায়। তিনি বাংলাদেশের প্রতীক।" দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা ও ২০০৭ সালে খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তার একই সূত্রে গাঁথা। জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতেই ষড়যন্ত্রকারীর ওয়ান-ইলেভেনের ঘটনা ঘটিয়েছে। তারেকের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছে।" বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, "ষড়যন্ত্রকারীরা মিথ্যা অপপ্রচার চালিয়ে তারেক রহমানকে ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিলো। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। লণ্ডনে চিকিৎসা নেওয়ার পাশাপাশি 'আগামী বাংলাদেশ' নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।" সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, "খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটানো হবে। সেই আন্দোলনের প্রথম সারিতে আমরা তারেক রহমানকে দেখতে চাই।" ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্র দলের সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২০০৯ ঘ.