ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাডার কেনায় দুর্নীতির অভিযোগে এইচএম এরশাদের বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছিলো বলে মনে করছে বর্তমান সরকার। তাই মামলাটি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির বৈঠকে সাবেক সামরিক শাসক এরশাদের এ মামলাটিসহ মোট ৭৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করার সিদ্ধান্ত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই বৈঠকের পর কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সভায় দণ্ডবিধির ৮৬৩টি মামলার মধ্যে ৭৬টি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। প্রত্যাহারের আবেদন না মঞ্জুর করা হয়েছে ২৯টি। এ ছাড়া ৭৫৯টি মামলা রাখা হয়েছে পরবর্তী বিবেচনার জন্য।
আগামী ৮ মার্চ কমিটির পরবর্তী সভায় বাকি মামলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
এ পর্যন্ত ১০ হাজার বেশি মামলা কমিটির হাতে এসেছে উল্লেখ করে কামরুল বলেন, এর মধ্যে ৬ হাজার ৮৫৩টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে।
কোনো রাজনৈতিক চাপের কারণে এরশাদের দুর্নীতি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলো কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কোনো চাপে নয়, রাজনৈতিক হয়রানিমূলক হওয়ায় এ মামলা প্রত্যাহার করা হয়েছে।
১৯৯২ সালে এই দুর্নীতি মামলা দায়ের করা হয় উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী বলেন, এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় এ রাডার কেনা হয়েছিল, তাই তিনি এ ব্যাপারে জড়িত থাকতে পারেন না। এ মামলায় এরশাদসহ আরো পাঁচ জন আসামি রয়েছে।
মঙ্গলবারের সভায় যাদের মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, তাদের মধ্যে এরশাদ ছাড়া উল্লেখযোগ্য কারো নাম নেই বলে জানা তিনি।
গত ১১ জানুয়ারি ২৫তম সভার পর কামরুল বলেছিলেন, এ পর্যন্ত দুদকের যে কয়টি মামলা কমিটির হাতে এসেছে, সেগুলো প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আর কোনো মামলা আপাতত তাদের হাতে নেই।
এরপরও মঙ্গলবার কীভাবে দুদকের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হলো জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "ওই সিদ্ধান্ত হওয়ার পর আরো কয়েকটি মামলা এসেছে। দুদকের আরো কিছু মামলা বাকি আছে, সেগুলো পরবর্তী সভায় বিবেচনা করা হবে।
রাজনৈতিক হয়রানীমূলক মামলা জেলা কমিটির সুপারিশ ছাড়াই প্রত্যাহার করা হচ্ছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সুপারিশ না থাকায় অনেক মামলাই প্রত্যাহার করা যায়নি।
"তবে এতোগুলো মামলা প্রত্যহার নিয়ে ১০/২০টি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। চুলচেরা বিশ্লেষণ করেই এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। তবে যদি কোনো সন্ত্রাসীর নাম এসে যায়, তাহলে তা জানার পর প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।"
'মামলা প্রত্যাহারের সুপারিশ করে কোনো সন্ত্রাসীদের ছেড়ে দেয়া হচ্ছে না' জানিয়ে কামরুল বলেন, "বিগত বিএনপি সরকার মামলা প্রত্যাহার করে ৭৪ হাজার সন্ত্রাসী ছেড়ে দিয়েছে। তবে এখন এ ধরনের কোনো কাজ করা হচ্ছে না।"
প্রতিমন্ত্রী জানান, শীর্ষ সন্ত্রাসী শাহাদতের একটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হলেও বিষয়টি জানার পর তা বাতিল করা হয়েছে। শাহাদতের নাম দেখে চিনতে না পারার কারণেই এ সমস্যা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন তিনি।
সরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/জেকে/১৮১৬ ঘ.
bdnews24