ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারের নির্বাচন হিসেবে নারায়ণগঞ্জে প্রার্থীদের পক্ষে কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের নির্বাচনী আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
নারায়ণগঞ্জে মেয়র প্রার্থীদের রাজনৈতিক দলের সমর্থন দেওয়া নিয়ে মঙ্গলবার নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনটা নির্দলীয়। এটাকে দলীয় আদল না দিলেই ভালো হবে।"
আগামী ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হবে। নির্দলীয় এ নির্বাচনে প্রার্থীর পক্ষে দলীয় সমর্থনে আইনি কোনো বাধা না থাকলেও প্রার্থী মনোনয়ন দেওয়া যাবে না।
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এ কে এম শামীম ওসমানের পক্ষে আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে নারায়ণগঞ্জে গিয়ে প্রচার চালিয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী তৈমূর আলমের পক্ষেও কয়েকজন কেন্দ্রীয় নেতারা এলাকায় গিয়ে বৈঠক করেছেন।
ছহুল বলেন, "নেতারা যখন বলেন ব্যক্তিগত সফরে তারা এখানে, তখন করার কিছু থাকে না। সবাইকে নির্বাচনী আইন অনুসরণের চর্চা করতে হবে। এজন্য সবাইকে সহায়তা করতে হবে।"
সাঁড়াশি অভিযান
অপরাধী ও অবৈধ অস্ত্র উদ্ধারে নির্বাচনী এলাকায় সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে বলে জানান ছহুল হোসাইন। এছাড়া নিবাচনকে সামনে রেখে ২৩ অক্টোবরের মধ্যে সব ধরনের বৈধ অস্ত্র জমা দিতে হবে।
নির্বাচনের দিন কেউ কোনো ধরনের গোলযোগের চেষ্টা করলে সিসিটিভি ক্যামেরা ধারণা করা দৃশ্য খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়া ২৭ অক্টোবরের মধ্যরাত থেকে ভোটার এলাকার বাসিন্দা বা ভোটার নন- এমন লোকদের নির্বাচনী এলাকা ত্যাগ করতে হবে।
সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।
নির্বাচনী এলাকায় ভোটের দুই দিন আগে থেকে নিয়োজিত হচ্ছে চার কোম্পানি সেনা সদস্য। এছাড়া থাকছে প্রায় সাড়ে ৫ হাজার আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১০৪৩ ঘ.
bdnews24