নারায়ণগঞ্জ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে পত্রিকায় বিজ্ঞাপন এবং মিষ্টি বিতরণ করায় নারায়ণগঞ্জে দুই কাউন্সিলার প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।
শনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান এ নোটিস দেন। দুই প্রার্থীকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
যাদের নোটিস দেওয়া হয়েছে, তারা হলেন- ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী মো. আব্দুল করিম বাবু ও ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মরিয়ম রহমান কল্পনা।
রিটার্নিং কর্মকর্তা লুৎফর রহমান বলেন, শনিবার দৈনিক ডান্ডিবার্তা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রচারণা চালানোর জন্য কল্পনাকে এবং ভোটারদের মধ্যে মিষ্টি বিতরণ করায় বাবুকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
আগামী ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮১৫ ঘ.
bdnews24