ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ষড়যন্ত্রের মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর রিমান্ড বাতিল করেনি হাইকোর্ট।
তবে আদালত তাদেরকে ফিজিওথেরাপী দেওয়া, আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ ও একটি করে বালিশের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ রিমান্ড বাতিলের জন্য তাদের আবেদন কিছু নির্দেশনা দিয়ে নিষ্পত্তি করেছে।
তাদের রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাষ্ট বনাম রাষ্ট্র মামলার উচ্চ আদালতের দেওয়া নির্দেশনা মান্য করতে নির্দেশ দেওয়া হয়।
ওই নির্দেশনায় রয়েছে, এক মামলায় একটানা তিন দিনের বেশি রিমান্ডে রাখা যাবে না, রিমান্ডের আগে ও পরে শারীরিক পরীক্ষা করতে হবে এবং কোন ধরনের নির্যাতন করা যাবে না ইত্যাদি।
গত ৩০ জুন এই তিন জামায়াত নেতাকে উত্তরা থানায় দায়ের করা হিজবুত তাহরীর লিফলেট বিতরণ সংক্রান্ত ষড়যন্ত্রের মামলায় রিমান্ড মঞ্জুর করে ঢাকার একটি আদালত।
রিমান্ড বাতিলের জন্য তারা গত ১১ ও ১৩ জুলাই হাইকোর্টে আবেদন করে।
তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির।
আদেশের পর মমতাজউদ্দিন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট তিন জামায়াত নেতার রিমান্ড বাতিল করেনি। তাদের রিমান্ড চলবে। তবে তাদেরকে ফিজিওথেরাপি ও বালিশ দেওয়া এবং আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/এইচএ/২৩১৫ ঘ.
bdnews24