নীলফামারী, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামায়াতের প্রধানসহ তিন নেতার মুক্তির দাবিতে পোস্টার লাগানোর সময় নীলফামারীর সৈয়দপুরে ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোররাত ৪টার দিকে সৈয়দপুর শহর থেকে আবু শাহীদ (২২) নামের এই শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি কোন পর্যায়ের নেতা সেটা পুলিশ জানায়নি।
বুধবার তাকে তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, গ্রেপ্তারকৃত শাহীদ উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের শাষকান্দর গ্রামের আব্দুল বাকির ছেলে। বুধবার রাত ৩টা থেকে শাহীদ ৩/৪জন সহযোগী নিয়ে সৈয়দপুর শহরে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি সংবলিত পোস্টার লাগাচ্ছিলেন।
শাহীদকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।
ওসি জানান, বুধবার দুপুরে শাহীদকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে রাখার আবেদন জানিয়ে নীলফামারী মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে হাকিম মনসুর আলম তিনদিনের অনুমতি দিয়েছেন।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম রশিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আবু শাহীদ লোকজনকে উস্কে দেওয়ার জন্য জামায়াত নেতাদের মুক্তির দাবি সংবলিত পোস্টার লাগাচ্ছিলেন। গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24