২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুলুসহ ১৫ জন আহত

নাটোরে রোববার বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 09:37 AM

Updated : 25 Aug 2022, 12:31 PM

নাটোর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে রোববার বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। দুলু এ ঘটনার নিন্দা জানিয়ে আটক কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন। সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টার দিকে দুলুর নেতৃত্বে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিলটি শহরের ওয়াপদা মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা মিছিল নিয়ে ঘুরে স্টেশন বাজারের দিকে যাওয়া শুরু করে। বড়গাছা খাদ্যগুদামের কাছে পৌঁঁছামাত্র পুলিশ বেপরোয়াভাবে লাঠিপেটা শুরু করে। নেতাকর্মীরা এ সময় সরকারি এনএস কলেজ ছাত্রাবাসের মাঠে অবস্থান নেয়। সেখান থেকে তারা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশের সঙ্গে এ সময় প্রায় আধা ঘন্টা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ ঘটনায় পুলিশ বিএনপি কর্মী রিপন, মুক্তা, মালেক ও কালামসহ ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আপেল মাহমুদ সাংবাদিকদের জানান, ওই এলাকায় র‌্যাব ও দাঙ্গা পুলিশ মোতায়েন করলে পরিস্থিতি শান্ত হয়। আমিনুল হক জানান, সংঘর্ষে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির প্রচার সম্পাদক দেওয়ান শাহীন, পৌর বিএনপির সভাপতি শেখ এমদাদুল হক আল মামুন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শফিকুর রহমান ও শহীদ মাহমুদ মিঠুসহ ১১ জন নেতাকর্মী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। কিন্তু পুলিশ উদ্দেশ্যমূলকভাবে মিছিলে বাধা দেয় ও লাঠিচার্জ করে।" দুলু বলেন, "আওয়ামী লীগ ক্যাডারদের নিয়ে পুলিশ উদ্দেশ্যমূলকভাবে আমাদের ওপর হামলা চালায়।" পুলিশ কর্মকর্তা আপেল জানান, বিএনপির নেতাকর্মীদের ছোঁড়া ইটপাটকেলে তিনিসহ চার পুলিশ আহত হয়েছেন। তারা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, "তারা পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৭৩০ ঘ.